অ্যাপস তৈরির দিকনির্দেশনা দেওয়া হলো প্রতিযোগীদের

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে “সংবিধান” শিরোনামে মোবাইল ফোনের জন্য একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করি আমরা। তারপর ধারণাপত্র জমা দেওয়া; প্রাথমিক নির্বাচন; প্রাথমিক উপস্থাপনা এবং আজকের এই গ্রুমিং সেশন।’ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুরাগ ভট্টাচার্য ও সুজয় দত্ত তৈরি করছেন এই অ্যাপ। এতে বাংলাদেশের সম্পূর্ণ সংবিধান থাকবে। আরও পাওয়া যাবে সংবিধানের সব সংশোধনী। তাঁদের সঙ্গে কথা হয় গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে। কাল এখানে শেষ হলো ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর প্রথম গ্রুমিং সেশন। নির্বাচিত ৩৫টি দলের সদস্যদের দুই দিন ধরে শেখানো হয়েছে অ্যাপস তৈরির নানা কলাকৌশল। বিশেষজ্ঞরা বলেছেন, কীভাবে একটি সফল অ্যাপ তৈরি করা যায়।
গ্রুমিং সেশনের প্রশিক্ষকদের মধ্যে একজন, অ্যান্ড্রয়েড বিশেষজ্ঞ শাহাব উদ্দীন বলেন, ‘প্রতিযোগীরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য জাভা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে অ্যাপস তৈরি করছে। আমরা তাদের দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।’
প্রথম গ্রুমিং সেশনে অংশ নেওয়া ৩৫টি দল আগামী ৬ ডিসেম্বর তাদের অ্যাপসের বিস্তারিত উপস্থাপন করবে বিচারকদের সামনে।
সেখান থেকে বিচারকদের রায়ে পরবর্তী পর্বের জন্য ১৫টি দল বাছাই করা হবে।
মো. রাফাত জামিল