অ্যাপস তৈরির ধারণা সরকারি কর্মকর্তাদের কর্মশালা
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য নাগরিক সেবামূলক কী ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করা যেতে পারে, সে ব্যাপারে ধারণা পেতে গত বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের প্রায় সব মন্ত্রণালয়ের উদ্ভাবন কর্মকর্তারা অংশ নেন। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। কর্মশালাটি পরিচালনা করে এ প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লিমিটেড। কর্মশালায় ৬০ মন্ত্রণালয় এবং বিভিন্ন অধিদপ্তর থেকে ৮০ জন কর্মকর্তা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটিসচিব নজরুল ইসলাম খান তথ্যপ্রযুক্তির উন্নয়নে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, এমসিসির প্রধান নির্বাহী আশ্রাফ আবিরসহ অনেকে।
দিনব্যাপী এ কর্মশালায় সরকারি বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য মুক্তিযুদ্ধ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মোট ৬১টি অ্যাপের ধারণাপত্র উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব আনোয়ার হোসেন জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের মোবাইল অ্যাপ সম্পর্কে সচেতনতা বাড়ছে। সশস্ত্র বাহিনীর যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা মেজর ফয়সাল বলেন, এটি সরকারের খুবই গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত। সরকারি প্রতিষ্ঠানগুলো শুরু করলে দেশের বেসরকারি ক্ষেত্রগুলোও এদিকে মনোযোগী হবে।
কর্মশালায় পাওয়া ধারণা থেকে নির্বাচিত ধারণা নিয়ে অ্যাপস তৈরি করা হবে। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালা থেকে পাওয়া ৩০টি ধারণার সংকলন ওয়েবসাইটে (www.nationalappsbd.com) প্রকাশ করা হয়েছে।
পুরো প্রকল্পে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি (ইএটিএল) ও এমসিসি লিমিটেড। তাদের সঙ্গে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নকিয়া, সিম্ফোনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা।—বিজ্ঞপ্তি