অ্যাপস তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোবাইল ফোনের জন্য অ্যাপস তৈরির প্রতিযোগিতা ‘বাংলালিংক গ্র্যান্ডমাস্টার-২’ শেষ হয়েছে। সম্প্রতি এ প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজনে শীর্ষ পাঁচ দলের শিক্ষার্থীদের মধ্যে সেরা তিন দলকে পুরস্কৃত করা হয়। এতে চ্যাম্পিয়ন দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ‘ভেলপুরি’।প্রথম রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাথলিকন’ দল এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘ডকেটক’ দল। চ্যাম্পিয়ন দল দুই লাখ টাকা, প্রথম রানার্সআপ দল দেড় লাখ টাকা ও দ্বিতীয় রানার্সআপ দল এক লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ভিডিও বক্তব্য দেখানো হয়। খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিচারক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, বাংলালিংকের জ্যেষ্ঠ পরিচালক (বিপণন) শিহাব আহমাদসহ অনেকে। এ বছর ‘মোবাইল ইন্টারনেটভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশনস’ থিমের ওপর ভিত্তি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা, প্রকৌশল, টেক্সটাইল, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা অংশ নেন।