অ্যাপস নিয়ে বছরজুড়ে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে মুঠোফোনের অ্যাপলিকেশনস (অ্যাপস) উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। এ কমসূচি পরিচালনার জন্য গতকাল রোববার আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের (এমসিসি) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়েছে। কর্মসূচি চলবে ২০১৪ সালের ডিসেম্বর প্রর্যন্ত।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে চুক্তিপত্রে সই করেন আইসিটিসচিব নজরুল ইসলাম খান, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও এমসিসির ব্যবস্থাপনা পরিচালক আশ্রাফ আবীর।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, এই কর্মসূচির আওতায় সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তৃণমূল পর্যায়ের ফ্রিলান্সারদের মোবাইল অ্যাপস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি কাজ পরিচালনার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একটি করে অ্যাপস তৈরির জন্য পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, প্রকল্পের প্রধান সমন্বয়কারী আবুল হাসানসহ অনেকে।

বছরব্যাপী এই কর্মসূচিতে আটটি কার্যক্রম পরিচালনা করা হবে। সেগুলো হলো—মোবাইল অ্যাপসের ধারণা তৈরি, ধারণাগুলোর সংকলন প্রকাশ, সাতটি বিভাগে সাতটি বুট ক্যাম্প, কারিগরি প্রশিক্ষণ সহায়ক উপকরণ প্রস্তুত ও প্রকাশ, ৬৪টি জেলায় অ্যাপসের উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, অ্যাপস প্রস্তুত ও প্রকাশ, জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রতিযোগিতা আয়োজন করা এবং রিসোর্স পোর্টাল চালু করা। এই কর্মসূচির সহযোগী হিসেবে কাজ করবে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, সিমফনি, রবি, নকিয়া এবং এসওএল কোয়েস্ট।

—মো. রাফাত জামিল