অ্যাপস নির্মাতা তৈরির জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে সরকারের বিভিন্ন ই-সেবা জনগণের কাছে পৌঁছাতে ১০ লাখ অ্যাপস নির্মাতা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এখন চলছে কর্মশালা। ইউএনডিপি ও ইউএসএআইডির কারিগরি সহায়তায় অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউডক্যাম্প এসব কর্মশালার আয়োজন করে। গত ২৯ নভেম্বর ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ৩০ নভেম্বর চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এবং ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিন জায়গায় ৬৫০ জন অংশ নেন। এটুআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র-শিক্ষক, তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও সরকারি কর্মকর্তা এসব কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অ্যাপস বিষয়ে সাধারণ ধারণা, বিভিন্ন পরিকল্পনা, ওয়েব প্রচারণা, হ্যাকাথন আয়োজন এবং দেশে-বিদেশে বাজার তৈরির বিষয়ে আলোচনা করা হয়। মিলিয়ন অ্যাপস ডেভেলপার (ম্যাড) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ১০ লাখ অ্যাপস নির্মাতাকে প্রস্তুত করা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসাইন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাহিদুর রহমান এবং ক্লাউডক্যাম্পের সমন্বয়ক মো. মাহাদি-উজ-জামান।