অ্যাপস প্রতিযোগিতার জাতীয় বুটক্যাম্প চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় অতিথিরা। ছবি: প্রথম আলো
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় অতিথিরা। ছবি: প্রথম আলো

ঢাকার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে চলছে মোবাইল অ্যাপস তৈরির জাতীয় বুটক্যাম্প। প্রাথমিকভাবে বাছাই করা ৫০০টি দলের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী এই বুটক্যাম্পে অংশ নিচ্ছেন।
আজ শনিবার সকালে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ আয়োজনে নির্বাচিত দলের সদস্যদের অংশগ্রহণে শুরু হয় এ জাতীয় বুটক্যাম্প। উদ্ধোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দেশের গান পরিবেশন করেন সুরেরধারার শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের মেধায় মেধাবী। তরুণ প্রজন্মের এ অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশের বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে অ্যাপস। আর অ্যাপস তৈরির এ ধরনের কার্যক্রম সত্যিকার অর্থেই দেশের জন্য অনেক উপকারী।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা বর্তমানে নতুন এক যুগে আছি, যেখানে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ ধরনের কাজে প্রথম আলো যুক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়ার কাজে অংশ নিতে চায়। তাই আমরা এ আয়োজনের সঙ্গে আছি।’
স্বাগত বক্তব্যে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘গত দুই বছরে এ আয়োজনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অনেক ভালো ধারণা আসে, কিন্তু সেগুলো সেভাবে এগোতে পারে না। তাই আমাদের এ বুটক্যাম্পের উদ্যোগ।’
অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহামেদসহ অনেকে বক্তব্য দেন।
বুটক্যাম্পে এখন চলছে কারিগরি ও শিক্ষাবিষয়ক পর্ব। এ আয়োজনে আলোচনা করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে তথ্য ও প্রযুক্তি বিভাগ, গ্রামীণফোন, রূপালী ব্যাংক লিমিটেড, চ্যানেল আই ও এবিসি রেডিও।