অ্যাপস বিচারের দ্বিতীয় পর্ব সম্পন্ন
তরুণদের নিয়ে মোবাইল ফোনের জন্য অ্যাপস তৈরির প্রতিযোগিতা ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর দ্বিতীয় পর্যায়ের বিচারকাজ হয়ে গেল গত শুক্রবার ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। দ্বিতীয় পর্যায়ে ৩৫টি দল বিচারকমণ্ডলীর সামনে তাদের অ্যাপস উপস্থাপন করে। উপস্থাপনার পর নয়জন বিচারক তিনটি দলে বিভক্ত হয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ পর্ব থেকে নির্বাচিত ১৫টি দল অংশগ্রহণ করবে পরবর্তী পর্যায়ে। তাদের নিয়ে গ্রুমিং সেশন ও উপস্থাপনা শেষে নির্বাচন করা হবে প্রতিযোগিতার সেরা ১০ জনকে।
প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর সমন্বয়কারী রাজেশ পালিত প্রথম আলোকে বলেন, এবার ভালো ভালো ধারণাপত্র নিয়ে কাজ করা হচ্ছে। শিক্ষা, কৃষি, বিনোদন, গেম (মোবাইল, ফেসবুক) ও লাইফ স্টাইলের অ্যাপসগুলো অনেক যুগোপযোগী। প্রতিযোগীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের অ্যাপসগুলোর মান উন্নয়ন করছে। দ্বিতীয় পর্যায় থেকে নির্বাচিত ১৫টি দলের নামের তালিকা আজ প্রকাশ করা হবে।
এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো আয়োজিত অ্যাপস প্রতিযোগিতা শুরু হয় গত বছরের জুলাই মাসে। নয় মাস ধরে চলবে এ প্রতিযোগিতা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অ্যাপস সম্পর্কে সচেতনতা তৈরির জন্য একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। এরপর প্রাথমিক ধারণাপত্র নির্বাচন করা হয়। ১২৫টি ধারণাপত্র (দল) প্রতিযোগিতায় টিকে থাকে। প্রথম পর্বে বিচারকমণ্ডলী ৩৫টি দলকে নির্বাচন করে। তাদের নিয়ে চলে প্রশিক্ষণ।
—মো. রাফাত জামিল