অ্যাপসে মিলবে ঢাকাসহ তিন জেলা আদালতের তথ্য
ঢাকা মহানগর ও ঢাকা জেলা আদালত, কিশোরগঞ্জ ও রাঙামাটি জেলার সব আদালতের মামলার সংক্রান্ত তথ্য এখন থেকে মোবাইল অ্যাপসে পাওয়া যাবে।
আজ শনিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এই অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এই অ্যাপস তৈরির সঙ্গে যুক্ত ইউএনডিপির আইসিটি ম্যানেজার রিয়াজুল আল মাসুম প্রথম আলোকে বলেন, অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ‘বিডি কোর্ট’ নামের অ্যাপসটি ডাউনলোড করা যাবে। তিনি জানান, এই অ্যাপসে আদালতের প্রতিদিনের মামলার কার্যতালিকা, মামলার বিস্তারিত বিবরণ, মামলার ফলাফলসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। দেশের সব আদালতের মামলা সংক্রান্ত তথ্য এই অ্যাপসের আওতায় আনার কাজ চলছে।
মোবাইল অ্যাপসে গিয়ে দেখা গেছে, ‘কজ লিস্ট’ (কার্যতালিকা) ও ‘কেস সার্স’ (মামলা অনুসন্ধান) নামে দুটি বাটন রয়েছে। ‘কজ লিস্ট’ বাটনে ক্লিক করে আদালতের প্রতিদিনকার মামলার তালিকা পাওয়া যাচ্ছে। আর ‘কেস সার্স’ বাটনে ক্লিক করে মামলার পুরো বিবরণ জানা যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেন, এই অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষ মামলার সমস্ত তথ্য জানতে পারবে। এ নিয়ে তাদের যে ভোগান্তি ছিল তা দূর হবে।