অ্যাপসের জন্য আছে বিশ্ববাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপসের প্রতিযোগিতা
অ্যাপসের প্রতিযোগিতা

মোবাইল ফোনের জন্য অ্যাপ্লিকেশনস (অ্যাপস) যাঁরা তৈরি করেন, তাঁদের জন্য অপেক্ষা করছে বিশ্ববাজার। সফল একটি অ্যাপস থেকে বড়সড় ব্যবসায়িক সাফল্য আসতে পারে। এমনটাই মনে করেন ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া-প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থীরা। এখানে গত বৃহস্পতিবার ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগ্রহী শিক্ষার্থীরা বলেন, এমন প্রতিযোগিতার সুযোগটি কাজে লাগিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাগত কাজের চর্চাও করতে পারবেন।
সারা দিনের নানা আয়োজনে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। দুপুরে একটি সেমিনারের আয়োজন করা হয় ইউএপি সম্মেলন কক্ষে। এতে এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) নির্বাহী প্রধান নিজামুদ্দিন আহম্মেদ বলেন, পাঠ্যসূচির বাইরে সৃজনশীল কাজ করে নিজেকে মেলে ধরার এখনই সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএপির সিএসই বিভাগের প্রধান অলোক কুমার সাহা।
অনুষ্ঠানে গত বছরের অ্যাপস প্রতিযোগিতায় বিজয়ী আবদুল মুনিম তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, অ্যাপসের ক্ষেত্রে ধারণাটাই বড় কথা নয়। মূল হচ্ছে এর ডিজাইন এবং এটি তৈরির প্রক্রিয়া।
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ অংশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে নিবন্ধন করতে যেতে হবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে।
আজ এ প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালানো হবে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউআইইউ) প্রাঙ্গণে (বাসা-৮০, সড়ক-৮/এ, ধানমন্ডি আবাসিক এলাকা)। সকাল ১০টা থেকে শুরু হবে এ আয়োজন।
—মো. রাফাত জামিল