অ্যাপসের ৮০৫টি ধারণাপত্র জমা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪

তরুণদের জন্য আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় মোট ৮০৫টি ধারণাপত্র জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধারণাপত্র (কনসেপ্ট পেপার) এসেছে শিক্ষাবিষয়ক অ্যাপস নিয়ে। এরপর আছে স্বাস্থ্যবিষয়ক (১৩৪টি) ও জরুরি সেবাবিষয়ক অ্যাপসের ধারণাপত্র (১২৭টি)। সারা দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব ধারণাপত্র পাঠিয়েছেন।
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ অংশ নিতে ধারণাপত্র পাঠানোর শেষ তারিখ ছিল গত ৩০ সেপ্টেম্বর। গতকাল বুধবার ঢাকায় এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) কার্যালয়ে ধারণাপত্র বাছাই প্রক্রিয়া শুরু হয়। এ বাছাই প্রক্রিয়া চলবে কাল শুক্রবার পর্যন্ত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, অ্যাপস বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ধারণাপত্র বছাইয়ের বিচারকাজ করছেন। এ পর্যায়ে ১০০টি ধারণাপত্র বাছাই করা হবে। এরপর আগামী ২ নভেম্বর দিনব্যাপী অংশগ্রহণকারীরা ধারণাপত্র ও তাদের অ্যাপস বিষয়ে বিচারকদের সামনে উপস্থাপন করবেন।
গতকাল কেক কেটে ধারণাপত্র বাছাই প্রক্রিয়া শুরু করা হয়। এ সময় ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম মুবিন খান বলেন, গতবারের চেয়ে এবারের প্রতিযোগিতায় প্রায় চার গুণ ধারণাপত্র জমা পড়েছে। তথ্যপ্রযুক্তির এমন উদ্ভাবনী প্রতিযোগিতার ক্ষেত্রে এটা একটা মাইলফলক। এ সময় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আইবিসিএস-প্রাইম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবির আহমেদ, ইএটিএলের কারিগরি উপদেষ্টা রাজেশ পালিত উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় শিক্ষা, স্বাস্থ্য, জরুরি সেবা, জীবনযাপন, গেমস, ব্যবসা, কৃষি, ফিন্যান্স, বিনোদন, সংবাদ, বই, খাদ্য ও পানীয়, ফেসবুক গেমস এবং অন্যান্য বিভাগে অ্যাপস জমা দিচ্ছেন অংশগ্রহণকারীরা।

এ প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। এ ছাড়া এক্সক্লুসিভ টেলিযোগাযোগ অংশীদার রবি, প্লাটিনাম পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক, গণমাধ্যম অংশীদার চ্যানেল আই ও রেডিও অংশীদার হিসেবে আছে এবিসি রেডিও। —নিজস্ব প্রতিবেদক