অ্যাপিকটা পুরস্কার-২০১৭: তথ্যপ্রযুক্তির বড় আয়োজন চলছে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে তথ্যপ্রযুক্তির বড় আয়োজন অ্যাপিকটা পুরস্কার-২০১৭ উপলক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে কথা বলছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও অ্যাপিকটা পুরস্কার ২০১৭-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ। ছবি: সংগৃহীত।
দেশে তথ্যপ্রযুক্তির বড় আয়োজন অ্যাপিকটা পুরস্কার-২০১৭ উপলক্ষে বিদেশি অতিথিদের সঙ্গে কথা বলছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও অ্যাপিকটা পুরস্কার ২০১৭-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে চলছে তথ্যপ্রযুক্তির অস্কারখ্যাত চার দিনের তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা-২০১৭ ’। আজ শনিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে চূড়ান্তভাবে প্রকল্পগুলো যাচাই করা হয়েছে। কাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে ৭ থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক এ অনুষ্ঠানের আয়োজন করছে।

অ্যাপিকটা মূলত একটি সম্মানজনক প্রতিযোগিতা। এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা)। এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আয়োজন করে থাকে।

প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হচ্ছে। অ্যাপিকটার সদস্যভুক্ত ১৬টি দেশের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রুনেই, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম ও নেপাল এবারে অংশ নিয়েছে।

অ্যাপিকটা পুরস্কার ২০১৭-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ জানান, রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে বৃহস্পতিবার থেকে শুরু হয় অ্যাপিকটা পুরস্কার। শুক্রবার ও শনিবার ছিল প্রকল্প বাছাইপর্ব। বিভিন্ন দেশ থেকে ৬৬ জন বিচারক দুই দিন ধরে ১৭টি বিভাগের ১৭৭টি প্রকল্প থেকে সেরাদের বাছাই করেছেন। বাংলাদেশ থেকে ৪৭টি প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

অনুষ্ঠানের তৃতীয় দিনের আয়োজন সম্পর্কে আয়োজকেরা জানান, আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে হংকং নাইট। এখানে অতিথিদের সামনে হংকংয়ের বিভিন্ন উন্নয়ন ও সংস্কৃতির বিষয়টি তুলে ধরবে হংকং কর্তৃপক্ষ। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাপিকটা ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে।

রাসেল টি আহমেদ জানান, অ্যাপিকটা উপলক্ষে প্রায় ৪০০ বিদেশি অতিথি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তাঁদের সামনে তুলে ধরা হবে। তাঁরা যাতে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, সে লক্ষ্যেই অ্যাপিকটার আয়োজন।