অ্যাপিকটা পুরস্কারে আসছেন ৪০০ বিদেশি অতিথি

বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া তথ্যপ্রযুক্তি খাতের অস্কারখ্যাত অ্যাপিকটা পুরস্কার-২০১৭। এ প্রতিযোগিতায় ১৫টি দেশ থেকে ৪০০ জনের বেশি বিদেশি অতিথি অংশ নেবেন।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়টি তাদের সামনে তুলে ধরতে বিশেষ এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। অ্যাপিকটা পুরস্কারের সম্পর্কে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তরুণেরা এর নেতৃত্ব দিচ্ছে। তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ৫০০ কোটি নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কান্ট্রি ব্র্যান্ডিং জরুরি। অ্যাপিকটার সদস্য হওয়ার মাত্র দুই বছরের মধ্যেই এর পুরস্কার আয়োজন করতে পারছে বাংলাদেশ। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ঘিরে বিশ্বে আগ্রহ সৃষ্টি হয়েছে। আগে নতুন প্রযুক্তি বাংলাদেশে আসতে অনেক সময় লাগত। এখন অত্যাধুনিক প্রযুক্তি দ্রুত বাংলাদেশে আসছে। সোফিয়া যার উদাহরণ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক বলেন, এশিয়ার তথ্য ও প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স বা অ্যাপিকটা পুরস্কারের সহ-আয়োজক হতে পেরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গর্বিত। এর মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। ব্যবসা সম্প্রসারণে সুবিধা হবে।
বেসিসের সভাপতি মোস্তফা জব্বার বলেন, গত বছর তাইওয়ানের তাইপেতে অ্যাপিকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৭ সালের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো ৪০০ জনের বেশি বিদেশি অতিথি নিয়ে এ ধরনের বড় একটি তথ্য প্রযুক্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অ্যাপিকটা পুরস্কার ২০১৭-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ জানান, ৭ থেকে ১০ ডিসেম্বর অ্যাপিকটা পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠান হবে। অ্যাপিকটার সদস্যভুক্ত ১৬টি দেশের মধ্যে অস্ট্রেলিয়া, ব্রুনেই, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ও নেপাল অংশ নিচ্ছে। ১৭টি বিভাগে বিভিন্ন দেশের ১৭৭টি প্রকল্প বাছাই করে অ্যাপিকটার বিচারকদের সামনে উপস্থাপন করা হবে। বাংলাদেশ থেকে ৪৮টি প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিভিন্ন দেশ থেকে ৬৬ জন বিচারক ২ দিন প্রকল্প বাছাই করবেন। ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের বিচারক আবদুল্লাহ এইচ কাফি, বেসিসের সহসভাপতি রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল প্রমুখ।