অ্যাপিকটার সদস্য হলো বেসিস
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে জড়িত আন্তর্জাতিক সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) সদস্য হয়েছে দেশের সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, অ্যাপিকটার মতো সংগঠনের সদস্যপদ পাওয়া বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এর মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে বদলে দেওয়া সম্ভব হবে। অ্যাপিকটার সদস্য সংগঠনগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির আদান-প্রদান ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাণিজ্য উন্নয়ন সম্ভব হবে।
বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশকে ইউরোপ, আমেরিকায় তুলে ধরলেই হবে না, এশিয়ার দেশগুলোকেও গুরুত্ব দেওয়া জরুরি। যেহেতু এই অঞ্চলে তথ্যপ্রযুক্তির উন্নয়নে অ্যাপিকটা অগ্রণী ভূমিকা পালন করছে, তাই এর সদস্য হয়ে বাণিজ্যিক উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা বাড়বে।
২৩ থেকে ২৫ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত অ্যাপিকটার ৪৮তম কার্যনির্বাহী কমিটির সভায় বেসিস এই সদস্যপদ পায়। অ্যাপিকটার সদস্য অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, চীন, চায়নিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি এস এম কামাল, মাহবুব জামানসহ অনেকে।
রাহিতুল ইসলাম