বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব তথ্য নিয়ে চালু হয়েছে ‘ফাইনআনসার’। উচ্চশিক্ষাবিষয়ক এই অ্যাপে বিভিন্ন দেশের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের তথ্য জানা যাবে। ভিসা পাওয়ার নিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃত্তির তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্রের তালিকাও জানা যাবে। উচ্চশিক্ষাবিষয়ক বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটের তথ্যও মিলবে। গত বছরের ২৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে অ্যাপটি উন্মোচন করা হয়।
অ্যাপটির নির্মাতা ফাইনআনসার স্টাডি অ্যাবরড। সংস্থাটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম ভূঁইয়া জানান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের তথ্যের ঘাটতি পূরণ ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাপটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছয় শিক্ষার্থীর তৈরি অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিনা মূল্যে নামানো যাবে।