অ্যাপের নতুন ধারণা নিয়ে এগোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস প্রতিযোগিতা ২০১৫
অ্যাপস প্রতিযোগিতা ২০১৫

সারা বিশ্বে নিজেকে পরিচয় করানোর একটি সুযোগ হলো মুঠোফোনের জন্য নতুন ধারণার অ্যাপ্লিকেশন তৈরি। সফল একটি অ্যাপ থেকে বড় ব্যবসায়িক সাফল্যও আসতে পারে। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫ তেমন সুযোগই তৈরি করে দিয়েছে। গতকাল বুধবার ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) তেমনটাই বললেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাসনিয়া নুসরাত। নতুন ধারণার অ্যাপ নিয়ে তিনি অংশ নেবেন এই প্রতিযোগিতায়।
মানারাতে গতকাল সকাল থেকে চলে এই অ্যাপস প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় কার্যক্রম। এতে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় যেমন জানানো হয়, তেমনি মুঠোফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরির নানা কৌশলও শেখানো হয়। বিকেলে অনুষ্ঠিত হয় একটি সেমিনার। এতে এমআইইউয়ের উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা নতুন নতুন ধারণা দাও, যেসব ব্যবহার করে সারা বিশ্বের মানুষ লাভবান হবে। নতুন কিছু দিয়েই তোমাদের এগোতে হবে।’
প্রতিযোগিতার আয়োজক এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের যে মেধা রয়েছে, তা কাজে লাগিয়ে নতুন নতুন অ্যাপস তৈরি করতে হবে।’ সেমিনারে বক্তৃতা করেন এমআইইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন একরাম আলী শেখ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান আশরাফুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের প্রধান খাজা জাকারিয়া আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান জাহাঙ্গীর কবিরসহ অনেকে।
মানারাতে দিনব্যাপী চলে প্রতিযোগীদের নিবন্ধন কার্যক্রম। প্রতিযোগিতায় ধারণা জমা দেওযার শেষ তারিখ ৩১ অক্টোবর।
বিস্তারিত: www.eatlapps.com।