অ্যাপ্লিকেশন-নির্মাতাদের নিয়ে কর্মশালা
নকিয়া মোবাইল ফোনের জন্য অ্যাপ্লিকেশন (অ্যাপস) ও গেমস-নির্মাতাদের নিয়ে ঢাকায় সম্প্রতি হয়ে গেল দুই দিনের কর্মশালা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নকিয়া ডেভেলপার ডে’ নামের এই কর্মশালায় অংশ নেন। এতে মোবাইল অ্যাপস ছাড়াও মোবাইল গেম নির্মাণ নিয়ে একটি আলাদা অধিবেশনের আয়োজন করা হয়। অ্যাপ্লিকেশন-নির্মাতাদের সামনে সম্ভাবনাময় অ্যাপ্লিকেশন শিল্পের বিকাশ, ভবিষ্যৎ ও সুযোগ কাজে লাগানোর বিষয়গুলো তুলে ধরা হয়। নকিয়া ইকোসিস্টেম অ্যান্ড ডেভেলপার এক্সপেরিয়েন্সের (ইডিএক্স) সদস্যরা কর্মশালা পরিচালনা করেন। তাঁদের মধ্যে ছিলেন ইডিএক্স থাইল্যান্ড ও এমার্জিং এশিয়ার প্রধান জ্যানজার্ডস্যাক জিরাপ্যাট, ডেভেলপারস রিলেশন ম্যানেজার বুনপ্যাটিপ এগকারাচ, জ্যেষ্ঠ প্রযুক্তি বিশেষজ্ঞ টাই ভ্যালেরি এবং ইডিএক্স টেকনিক্যাল ম্যানেজার কৃষ্ণমূর্তি মানি।কর্মশালায় বলা হয়, মোবাইল অ্যাপ্লিকেশন্সের ব্যবহার বাড়ানো বা তা জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে নকিয়া নেতৃত্ব দিয়ে আসছে। নকিয়ার অনলাইন স্টোরে আছে হাজার হাজার অ্যাপ্লিকেশন, যেখান থেকে গ্রাহকেরা বিনা মূল্যে নিজেদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশন নামিয়ে নিতে পারেন। প্রতি মাসে প্রায় ৩০ লাখ অ্যাপ্লিকেশন নামানো হয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশ রয়েছে শীর্ষ ২০ দেশের তালিকায়। —বিজ্ঞপ্তি