অ্যাপ্লিকেশন নির্মাতাদের পছন্দ অ্যান্ড্রয়েড

মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাদের পছন্দের প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড। প্রায় ৬২ শতাংশ মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাই অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে বেছে নেন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে। ভারতের ভিসার্ভ ডটমোবি নামের একটি তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, অ্যাপ্লিকেশন নির্মাতারা প্রাথমিক অবস্থান অ্যান্ড্রয়েডকে বেছে নেন। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে নিজের অবস্থান তৈরি করতে পারলে তবে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেন। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ব্যক্তিগত পর্যায়ে অ্যাপ্লিকেশন নির্মাতাদের প্রথম পছন্দে নামে বিনোদনমূলক কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি। এরপর তারা মাল্টিমিডিয়া বা গেম অ্যাপ্লিকেশনগুলো তৈরির পথে হাঁটতে শুরু করে।
অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে ডিজিটালাইজ করা এবং তৈরিকৃত অ্যাপ থেকে অর্থ আয় করাটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে মনে করেন অ্যাপ্লিকেশন নির্মাতারা।|
জরিপে দেখা গেছে, অ্যাপ্লিকেশন নির্মাণ শিল্পে প্রায় ৪৭ শতাংশ ব্যক্তিগত অ্যাপ্লিকেশন নির্মাতা, ২৫ শতাংশ অ্যাপ বা গেম নির্মাতা প্রতিষ্ঠান আর ২৮ শতাংশ অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস। নতুন অ্যাপ নির্মাতাদের ক্ষেত্রেও অধিকাংশ নির্মাতাই অ্যান্ড্রয়েডকে তাঁদের আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন।