অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কর্মশালা

অন্যের পণ্যের প্রচারণার মাধ্যমে অর্থ আয় করার একটি পদ্ধতি অ্যাফিলিয়েট মার্কেটিং। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যাঁরা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের এ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে ২২ আগস্ট শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এমানুল্লা কনভেনশন সেন্টারে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি নামের একটি প্রতিষ্ঠান।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্ক এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাইওনিয়ার এই কর্মশালার পৃষ্ঠপোষক। কর্মশালায় অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে আগ্রহী ২০০ জনের বেশি ফ্রিল্যান্সার এতে অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইল্যান্স-ওডেস্কের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। কর্মশালাটি পরিচালনা করেন অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং পাইওনিয়ার বাংলাদেশের অ্যাম্বাসেডর রিফাত আহমেদ।
রিফাত আহমেদ জানিয়েছেন, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে ফেসবুক গ্রুপের মাধ্যমে শুরু হয় অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি নামের কমিউনিটি। বর্তমানে এই কমিউনিটির ফেসবুক পেজে ৫৭ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছেন। এই কমিউনিটি থেকে নিয়মিত ইউটিউবে ফ্রি ভিডিও টিউটোরিয়ালও প্রকাশ করা হয়, যা ফ্রিল্যান্সারদের কাজে লাগে।
অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে পরবর্তী কর্মশালা ২৯ আগস্ট শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বিস্তারিত কমিউনিটির ওয়েবসাইট থেকে জানা যাবে।