অ্যামটব চেয়ারম্যানের দায়িত্বে ক্রিস টোবিট
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টোবিট। অ্যামটব দেশের ছয়টি মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও টেলিটকের প্রতিনিধিত্বকারী সংগঠন।
ক্রিস টোবিট সংগঠনটির সদ্যবিদায়ী চেয়ারম্যান রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত হলেন।
গত ৩১ ডিসেম্বর দায়িত্ব নেওয়া ক্রিস টোবিট বলেন, ‘কৌশলগতভাবে টেলিযোগাযোগ শিল্পের খুবই গুরুত্বপূর্ণ সংগঠন অ্যামটব। এর দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। অ্যামটব আগামী দিনে মোবাইল খাতের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এই খাতের ইতিবাচক অগ্রগতির জন্য অ্যামটব ধারাবাহিকভাবে অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। এতে করে এ শিল্পের সঙ্গে জড়িতরা উপকৃত হবেন।’