অ্যাশেজ সিরিজে ক্রিকেট খেলার সুযোগ

ক্রিকেট ২২ গেমের দৃশ্যস্ক্রিনশট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলতে পছন্দ করেন অনেকেই। কিন্তু পড়ালেখা বা কাজের চাপে সময় করে মাঠে গিয়ে ক্রিকেট খেলা আর হয়ে ওঠে না। ফলে কম্পিউটারে ক্রিকেট গেম খেলে মনের সাধ মেটাতে হয়। আপনি চাইলে ক্রিকেটের বনেদি আসর অ্যাশেজ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দলের হয়ে টেস্ট খেলতে পারবেন। গেম নির্মাতা প্রতিষ্ঠান বিগ অ্যান্ট স্টুডিওর তৈরি 1ক্রিকেট২২' গেমটিতে এই সুযোগ মিলবে।

অ্যাশেজ সিরিজকে প্রাধান্য দিয়ে তৈরি হওয়ায় গেমটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি গায়ে সব খেলোয়াড়কে দেখা যাবে। শুধু খেলোয়াড়ই নয়, অ্যাশেজ সিরিজ আয়োজন করা স্টেডিয়ামগুলোতেই টেস্ট খেলার সুযোগ রয়েছে গেমটিতে।

গেমটিতে দল ও খেলোয়াড় নির্বাচন করে আপনি ইচ্ছেমতো দল সাজাতে পারবেন। প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের জন্য বল এবং ব্যাট করার কৌশলও নির্ধারণের সুযোগ মিলবে। রয়েছে খেলার ফাঁকে কোচের সঙ্গে পরামর্শ করার সুযোগও।

অ্যাশেজ সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি, ওয়ানডেও খেলা যাবে গেমটিতে। শুধু তা–ই নয়, নারী ও পুরুষদের নিয়ে আয়োজিত বিভিন্ন ক্রিকেট ম্যাচেও অংশ নেওয়া যাবে। গেমের সেটিংস অপশন থেকেই পছন্দের খেলোয়াড় বাছাই করা যাবে। খেলোয়াড়দের শট নির্বাচন, বল করার ধরন, ফিল্ডিং ও ক্যাচ নেওয়ার দৃশ্যগুলোর গ্রাফিকস খুবই উন্নত মানের। মনে হয় টেলিভিশনের পর্দায় সত্যি সত্যি খেলা হচ্ছে।

গেমটিতে ক‍্যারিয়ার মোডে খেলার সময় কোচের সহায়তা নেওয়া যাবে। পছন্দের ফরম্যাটে নির্বাচনের জন্য গেমের শুরুতেই রয়েছে ম্যাচের ধরন নির্বাচনের সুযোগ। পাশাপাশি স্টেডিয়াম, আম্পায়ার ও ধারাভাষ্যের ধরনও বেছে নেওয়ার সুযোগ মিলবে। গেমটি অনলাইনে বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ থাকায় ঘরে বসেই মাঠে ক্রিকেট খেলার আনন্দ পাওয়া যাবে।

গত বছরের ডিসেম্বরে বাজারে আসা গেমটি উইন্ডোজের পাশাপাশি প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স কনসোলেও খেলা যাবে।

গেমটি কম্পিউটারে খেলতে কমপক্ষে যা লাগবে—

অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১০
প্রসেসর: ইনটেল কোর আইথ্রি বা এমএমডি রাইজেন থ্রি
মেমোরি: ৮ গিগাবাইট র‍্যাম
গ্রাফিকস: এএমডি রাইজেন আর ৭ ২৬০/এনভিডিয়া জিটিএক্স, ২ গিগাবাইট ভির‍্যাম।
খালি জায়গা: ৪৫ গিগাবাইট