অ্যাসোসিওর বিশেষ সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটার ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অবদান সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার ঢাকার বিসিএস কার্যালয়ে এ সম্মাননা মোস্তাফা জব্বারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফী। এ সময় উপস্থিত ছিলেন বিসিএসের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, এ টি শফিক উদ্দিন আহমেদসহ অনেকে।
আবদুল্লাহ এইচ কাফী এ সময় বলেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বিকাশে নিরন্তর চেষ্টার স্বীকৃতি হিসেবে অ্যাসোসিও মোস্তাফা জব্বারকে এ স্বীকৃতি দিয়েছে। এটি বাংলাদেশ এবং কম্পিউটার সমিতির জন্য গর্ব। মোস্তাফা জব্বার তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, সবার উৎসাহ, সহযোগিতা ও ভালোবাসা প্রাপ্তিতেই তাঁর পক্ষে তথ্যপ্রযুক্তি খাতের জন্য এভাবে কাজ করা সম্ভব হয়েছে।
—বিজ্ঞপ্তি