আ.লীগের ফেসবুক পেজ এখন স্বীকৃত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজকে ( www.facebook.com/awamileague.1949 ) আনুষ্ঠানিকভাবে ‘অফিসিয়াল পেজ’ হিসেবে অনুমোদন দিয়েছে। বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এ স্বীকৃতি পেল। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে শুধু এই পেজটির সব কার্যক্রমের দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে। স্বীকৃতিস্বরূপ ফেসবুক কর্তৃপক্ষ ‘নীল বৃত্তের ভেতর সাদা টিক চিহ্ন’-এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সংগীতশিল্পী তাহসান, পড়শী, অভিনেতা হাসান মাসুদ, পড়শীর ব্যান্ডদল পড়শী অ্যান্ড বর্ণমালা, বিক্রয়ডটকম নামের পেজগুলো ফেসবুক স্বীকৃতি দেয়। এ ছাড়া গণমাধ্যম ও প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো ( www.facebook.com/DailyProthomAlo ) এই স্বীকৃতি পেয়েছে।