আঁধার ঘরে সাফল্যের ঝলকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সদস্যদের সঙ্গে সুজন মিয়া (বাঁ থেকে প্রথম) ও মারজিয়া আক্তার (ডান থেকে দ্বিতীয়) l ছবি: প্রথম আলো
পরিবারের সদস্যদের সঙ্গে সুজন মিয়া (বাঁ থেকে প্রথম) ও মারজিয়া আক্তার (ডান থেকে দ্বিতীয়) l ছবি: প্রথম আলো

ত্রুটি নিয়ে জন্মায়নি৷ তবু তারা প্রতিবন্ধী৷ তাতে কী? প্রতিকূলতাকে জয় করেই তারা ফুলবানুর আঁধার ঘরে জ্বেলেছে শিক্ষার আলো৷ এসএসসি পরীক্ষায় দুই ভাইবোনের সাফল্যে ঘরের সবার চোখেমুখে আনন্দের আভা৷
দুই ভাইবোন হলো ফুলবানুর সন্তান সুজন মিয়া ও মারজিয়া আক্তার । বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিচপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামে। তারা স্থানীয় ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। চার বছর বয়সে কোমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ হয়ে হাঁটার শক্তি হারায় তারা। ধীরে ধীরে হাতের স্বাভাবিক শক্তিও লোপ পায়। তাই বলে ঘরে বসে নিজেদের আড়াল করে রাখেনি। প্রতিবন্ধী জীবনকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার লড়াই করেছে। হুইলচেয়ারে করে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেছে বিদ্যালয়ে। এবার দুজন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাণিজ্য বিভাগ থেকে ভালো ফল করেছে। বড় ভাই সুজন পেয়েছে জিপিএ ৪ দশমিক ৫৬ আর মারজিয়া ৪ দশমিক ১৩।
সুজন মিয়া জানায়, তার বাবা মহরম আলী ও ছয় ভাইবোনের মধ্যে একজন ছাড়া সবাই প্রতিবন্ধী। প্রত্যেকেই সুস্থভাবে জন্ম নিয়েছিল। চার বছর বয়সের পর থেকে সবাই প্রতিবন্ধী হয়ে পড়ে। তাদের জীবনকে আরও বিষাদময় করে তুলেছে অভাব। তবে শারীরিক প্রতিবন্ধকতা ও অভাবকে জয় করে তারা পড়াশোনা চালিয়ে গেছে। এ কারণে নানামুখে নানা কথা শুনতে হয়েছে।
পাস করার অনুভূতি জানতে চাইলে সুজন বলে, ‘খুব খুশি লাগছে। তবে এখন চিন্তা কলেজের পড়াশুনা নিয়ে। কীভাবে কী করব বুঝতে পারছি না।’
মারজিয়া বলে, ‘আনন্দের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। শারীরিক প্রতিবন্ধকতাকে ভয় না পেলেও অভাবকে ভয় পাচ্ছি। কারণ দুই ভাইবোনকে একসঙ্গে কলেজে পড়ানোর সামর্থ্য আমার প্রতিবন্ধী বাবার নেই৷’
খুশিতে আত্মহারা মা ফুলবানু আর বাবা মহরম আলীও। ছোট ভাইবোনেরাও বেজায় খুশি।
গত বছরের ৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘তবু ফুলবানুর আঁধার ঘরে আলো’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়৷