আই-জিনিয়াস মাস্টার ব্লগ
ইন্টারনেট উৎসবের প্রথম বছরে আমরা ‘পাওয়ার অব ইন্টারনেট’ নামের একটি তথ্যচিত্র তৈরি করেছিলাম, যেখানে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রভাব এবং ব্যবহার সম্পর্কে উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়েছিল। এবারও আমরা সেই রকম একটা তথ্যচিত্র উপস্থাপন করেছি তোমাদের মাঝে। আর এটি হলো ‘আই-স্টুডেন্ট’। মূলত এই তথ্যচিত্রে একজন আধুনিক শিক্ষার্থীর অবয়ব তুলে ধরা হয়েছে, যে তার জীবনধারা অনেক সহজ করে নিয়েছে ইন্টারনেটের সাহায্যে। এই তথ্যচিত্রে আই-স্টুডেন্টের একটি দিনের সব কাজ চিত্রায়ণ করা হয়েছে। ধাপে ধাপে দেখানো হয়েছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে প্রাত্যহিক জীবন সহজ করা যায়।এবার উৎসবে আই-স্টুডেন্ট নিয়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে অনেক উদ্দীপনা তৈরি হয়েছে। এখানে দেখানো হয়েছে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত কীভাবে ইন্টারনেট আমাদের জীবনে জড়িয়ে আছে। তথ্যচিত্রে দেখা যায়, সোহেল নামের ক্লাস নাইনে পড়া একজন শিক্ষার্থীকে, যে তার সকালটা শুরু করে ‘টাস্ক ম্যানেজার’কে সঙ্গে নিয়ে। প্রথমেই সে দেশের সব খবর পেয়ে যায় অনলাইন নিউজপোর্টাল ই-প্রথম আলো থেকে। এরপর বাসা থেকে বের হওয়ার আগে দেখে নেয় দিনের আবহাওয়ার পূর্বাভাস। বুঝে নেয়, কী ধরনের কাপড় পরলে আরাম পাওয়া যাবে। স্কুলে যাওয়ার পথে রাস্তাটাও খুঁজে নেয় ম্যাপের সাহায্যে। ক্লাসেও এগিয়ে থাকে সবার মাঝে। ম্যাডামের দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক অ্যাসাইনমেন্ট শেষ করে ফেলে অনলাইনের মাধ্যমে। আর বন্ধুদের সাহায্য করে মেইলে, সবার সঙ্গে তার অ্যাসাইনমেন্ট শেয়ার করে। শুধু তা-ই নয়, সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখে ফেসবুকে, যেন পৃথিবী সোহেলের হাতের মুঠোয়। ব্যস্ত দিনের ফাঁকে সে অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করে বিভিন্ন ধরনের গেমস আর মেতে ওঠে আনন্দে। এরই মধ্যে সে আন্তর্জাতিক খেলার তাৎক্ষণিক খবরও পেয়ে যায়। এ রকম অনেক কাজের মধ্যে আমাদের আই-স্টুডেন্ট স্বপ্ন দেখে অনেক বড় কিছু করার। আমরাও বিশ্বাস করি, আমাদের আই-স্টুডেন্ট এগিয়ে থাকবে সবার থেকে এবং নিজেকে নিয়ে যাবে স্বপ্নচূড়ায়। কারণ, এই বিশাল পৃথিবীর পাঠশালা এখন ওর হাতের মুঠোয়। যখন, যেখানে খুশি নিজেকে এই পাঠশালার ছাত্র বানিয়ে নেয়। আর এই অনলাইন পাঠশালা, যেখানে তোমাকেও আমন্ত্রণ।—আই-জিনিয়াস মাস্টার