আই-জিনিয়াস মাস্টার ব্লগ
গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব একদিকে যেমন তরুণ প্রজন্মের মাঝে অনেক উন্মাদনা এনেছে, একই সঙ্গে দেশের নীতিনির্ধারকদের মাঝেও তথ্য প্রযুক্তিকে ঘিরে আমাদের করণীয় নিয়ে ভাববার সুযোগ করে দিয়েছে। গত সপ্তাহে এ রকমই এক আলোচনায় মেতে উঠেছিলেন দেশের বিদগ্ধ আর গুণিজনেরা। ‘গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র একটি বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেসন তাহমিদ আজিজুল হক। পুরো আলোচনাটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছিল চ্যানেল আইয়ের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায়। আলোচনা থেকে বারবার যে কথাটি উঠে এসেছে, সেটি হলো তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কীভাবে সম্মিলিত একটি উন্নয়ন সম্ভব সে দিকটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হলেও আলোচকেরা একমত হন যে তরুণদের সম্পৃক্ততা ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন। এ ক্ষেত্রে ইন্টারনেট উৎসব একধরনের সঞ্জীবনী শক্তির মতো কাজ করছে। কারণ এই উৎসবের বিশাল কর্মযজ্ঞের বেশির ভাগ জুড়েই রয়েছে দেশের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরা। মূলত বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অন্যতম লক্ষ্যও ঠিক এ রকমই। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে আঞ্চলিক ব্যবধান কমিয়ে দেশের সব মানুষের জন্য একই সুবিধা নিশ্চিত করা। আর এ জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে আমাদের সবার হাতে থাকা মুঠোফোনটি। আমরা সবাই অমিত এক সম্ভাবনাকে সঙ্গে নিয়ে চলছি, একটু সচেতন হলেই যে কেউ হয়ে উঠতে পারে বিশ্ব নাগরিক। আলোচকেরা ইন্টারনেট উৎসবকে ঘিরে নানা আয়োজন তুলে ধরেন সবার সামনে। গত একটি বছর যারা ইন্টারনেটের আলোকে সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য কাজ করেছে গতবারের নির্বাচিত সেই আই-জিনিয়াসদের।গত বছর ‘অপেরা’ ছিল উৎসবের সঙ্গে। এবার বিশ্বমানের ব্র্যান্ড গুগল, ফেসবুক, নকিয়া, উইকিপিডিয়া উৎসবে যোগ দিয়ে এনেছে ভিন্ন মাত্রা।আলোচকেরা ওইসব প্রতিষ্ঠানকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি অনেক জোর দিয়েছেন কীভাবে এটিকে বিশ্বমানের একটি প্লাটফর্ম করা যায়। তৃতীয় মাত্রার এই বিশেষ পর্বটি থেকে একটি সূত্র পরিষ্কার হয়ে ওঠে তা হলো সরকার, গণমাধ্যম, বেসরকারি উদ্যোক্তাসহ সবার সম্মিলিত প্রয়াস ছাড়া ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়া খুব সহজ হবে না। ইন্টারনেট উৎসব এর প্রাথমিক কাজটি করে দিচ্ছে। আলোচকেরা এর সঙ্গে দাবি তুলেছেন একটি দিনকে ‘ইন্টারনেট দিবস’ হিসেবে ঘোষণার। আমরা সোচ্চার হচ্ছি। আপনি হচ্ছেন তো?—আই জিনিয়াস মাষ্টার