আই-জিনিয়াস মাস্টার ব্লগ
অনেক উৎকণ্ঠা, উত্তেজনা ও উন্মাদনা নিয়ে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত ছিল বাংলাদেশ। আর সব আয়োজনের কেন্দ্রে ছিল ইন্টারনেট উৎসব ২০১২। দেখতে দেখতে পার হয়ে গেল ১২০টি উৎসব। প্রায় এক হাজার ২০০ স্কুলের পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী সরাসরি অনেক কাছে থেকে দেখেছে হাতের মুঠোয় লুকিয়ে থাকা জ্ঞানের ভান্ডারকে। পৃথিবীর পাঠশালায় যোগ দিয়ে উজ্জ্বল মুখগুলো যতই দিন গড়িয়েছে, ততই হয়েছে উজ্জ্বলতর। আমরা এক বুক আশা নিয়ে অপেক্ষায় আছি, আমাদের আই-জিনিয়াসরা কিছু করে দেখাবে। এমন কিছু যেন মুখ বড় করে সবাইকে বলা যায় যে আমরা পিছিয়ে নেই কারও কাছ থেকেই। এ বছর খুব শিগগির অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের আয়োজন। সারা দেশ থেকে আসবে ১২১ জন জিনিয়াস। নিশ্চয়ই ভাবছ, একজন বেড়ে গেল কেমন করে? আমাদের পাইলটের উৎসবের বিজয়ী বন্ধুও আসবে জাতীয় পর্যায়ের আয়োজনে অংশ নিতে। আরও থাকবে ইন্টারনেট কর্মশালা (আই-ক্যাম্প) আর ‘স্প্রেড দ্য লাইট’ কর্মসূচির সেরা ১০ জন জিনিয়াস। মধ্যবর্তী সময়টাতে আমাদের বন্ধুরা উৎসবের ফেসবুক ফ্যান পেজে নিয়মিত আপডেট পাবে। থাকছে ফ্যান পেজে আই-জিনিয়াস গেমস। এই গেমসে লিডার বোর্ডের সেরারা পাবে গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার সুযোগ। সারা দেশ থেকে যারা সেরা হয়েছ, তোমাদের অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে জাতীয় পর্যায়ে। তোমাদের আমরা আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার ঘোষণা করার আগে তিনটি ধাপে যাচাই করে নেব। মনে রেখো, প্রযুক্তিজ্ঞানের সব শাখাতেই তোমাদের যাচাই করব। প্রস্তুতিটা খুব ভালো করে নিয়ো। ইন্টারনেটের দায়িত্ব তোমাদের জ্ঞান আর তথ্যের কাছে নিয়ে যাওয়া। কিন্তু নতুন কিছু সৃষ্টি করার দায়িত্বটা তোমাদেরই। আই-কনফারেন্সে (গ্র্যান্ড ফিনালের একটি অংশ) তথ্যপ্রযুক্তির মৌলিক দিকগুলো নিয়ে কথা বলবেন দেশসেরা তথ্যপ্রযুক্তিবিদেরা। দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো সবাই আর মনে রেখো, পৃথিবীর পাঠশালা অপেক্ষা করছে তোমাদেরই জন্য। —আই-জিনিয়াস মাস্টার