আই-জিনিয়াস মাস্টার ব্লগ
বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছ। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২০১২-এর ইন্টারনেট উৎসব। এ বছর পুরো উৎসবকে ঢেলে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এরই মধ্যে তোমরা জেনে গেছ এ বছর উৎসবের মূল আকর্ষণ আই-জিনিয়াস প্রতিযোগিতার মডেলে পরিবর্তন আনা হয়েছে। এবার দুটি ধাপে আই-জিনিয়াস রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ১৫০ জন প্রতিযোগী একটি সিস্টেমবেজড মূল্যায়নের মধ্য দিয়ে যাবে। যেখানে একজন প্রতিযোগী পাঁচটি প্রশ্নের মুখোমুখি হবে। এভাবে ১৫০ জনের মূল্যায়ন শেষ হওয়ার পর সিস্টেম নিজে থেকে বলে দেবে কোন ৫০ প্রতিযোগী সব থেকে কম সময় নিয়ে সর্বোচ্চসংখ্যক সঠিক উত্তর দিয়েছে। সেরা ৫০ চলে যাবে দ্বিতীয় পর্বের আই-জিনিয়াস রাউন্ডে। যেখানে কুইজ মাস্টার মোট পাঁচটি রাউন্ড থেকে ১০ জন ফাইনালিস্টকে খুঁেজ বের করবে। বন্ধুরা, এবার আই-জিনিয়াস হওয়ার জন্য একটু বেশিই প্রস্তুতি নিতে হবে। একদিকে যেমন সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, পাশাপাশি তথ্যপ্রযুক্তির নানা দিক সম্পর্কে জানা থাকতে হবে। এর সঙ্গে ব্রাউজিংয়ে দক্ষতা তো আছেই। তোমাদের জন্য বলে রাখি, সব প্রশ্নেরই সঠিক উত্তর ইন্টারনেটে আছে। সঠিক ‘কিওয়ার্ড’ ব্যবহার করে অনুসন্ধান করলে খুব সহজেই উত্তর খুঁজে পাওয়া যাবে। আমরা অত্যন্ত আনন্দিত যে এবারের উৎসব বিশ্বমানের উৎসবে রূপান্তরিত হয়েছে। এ বছর প্রথমবারের মতো যুক্ত হলো গুগল, উইকিপিডিয়া, ফেসবুক, নকিয়া। আর এর সঙ্গে অপেরা তো আছেই। আমরা পূর্ণ সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম’ থেকে। উৎসবের আদ্যোপান্ত থাকছে চ্যানেল আই সংবাদে। এবার মূল প্রতিযোগিতার বাইরে সেরা ৫০ অংশ নিতে পারবে ‘আমরা করব জয়’ শিরোনামে ফেসবুক প্রতিযোগিতায়। এ পর্বে একটি প্রতিষ্ঠান থেকে সেরা ৫০-এ কোয়ালিফাই করা আই-জিনিয়াসরা উৎসবের ফটোকর্নারে শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ ছবি তুলবে আর আমরা এই ছবিটি facebook.com/internetutshab পেজে আপলোড করে দেব। তোমরা যত বেশি লাইক দেবে তোমাদের ছবিতে, তত বেশি এগিয়ে যাবে তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে বিজয়ী করার দিকে। তোমাদের জন্য শুভকামনা রইল। আগামী সপ্তাহে আবার কথা হবে। —আই-জিনিয়াস মাস্টার