আই-জিনিয়াস মাস্টার ব্লগ
আমাদের দেশের তরুণদের অভাবনীয় কিছু শক্তি আছে। মূলত এই তরুণদের হাতেই আমাদের ইতিহাস রচিত হয়েছে এবং ভবিষ্যৎ বিনির্মাণ হবে। ‘এসো পৃথিবীর পাঠশালায়’ স্লোগান সামনে রেখে চলছে ইন্টারনেট উৎসব। আমরা এ উৎসব থেকে একজন তরুণ আইকন বের করতে চাই, যে কিনা ভবিষ্যৎ প্রজন্মের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারবে এবং নিজেকে পরিচিত করে তুলবে সত্যিকারের একজন আইকন হিসেবে।গতবার আমরা আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার হিসেবে পেয়েছিলাম চৌধুরী সাদিদ আলমকে। সাদিদ যেমন একদিকে তরুণ মেধাবী আইকনে পরিণত হয়েছে, পাশাপাশি সে পেয়েছে গ্রামীণফোনের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহার, অপেরার কাছ থেকে নরওয়েতে শিক্ষাসফরের সুযোগ। এ সবকিছুই আমাদের উৎসবের উদ্দেশ্যকে সফল করতে অনেক সাহায্য করবে।আমরা অনেক বঞ্চনার গল্প জানি, ভাগ্যকে কখনো বা আমরা দোষারোপ করি। আবার বঞ্চনার মধ্যে ঘুরে দাঁড়ানোর উদাহরণও কম নেই। সবকিছু ছাপিয়ে, আমাদের ইন্টারনেট উৎসব একটি প্লাটফর্ম তৈরি করছে, যেখান থেকে আগামী প্রজন্মের ঘুরে দাঁড়ানোটা অনেক সহজ হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।এ বছর আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টারকে নিয়ে আমাদের আরও বড় পরিকল্পনা আছে। শুধু একজন নয়, গত বছরের আই-জিনিয়াসদের মধ্য থেকে যারা সারা বছর ইন্টারনেট দূত হিসেবে কাজ করেছে, তাদের সেরা ১০ জন এবার সুযোগ পাবে একটি অ্যাপস ডেভেলপমেন্ট কর্মশালায় অংশ নেওয়ার, যেটি পরিচালিত হবে নকিয়ার পৃষ্ঠপোষকতায়। আমাদের জিনিয়াসদের বানানো অ্যাপস পাওয়া যাবে নকিয়ার অ্যাপস স্টোরে। তা ছাড়া আই-কনফারেন্সে ঘোষণা করা হবে আই-লিডারের নাম। বাংলাদেশের দক্ষ তথ্যপ্রযুক্তিবিদেরা তাঁদের ভাবনাকে ছড়িয়ে দেবেন আই-জিনিয়াসদের মাঝে। এই বিশাল কর্মযজ্ঞ সমাপনীর রহস্য এখনই তোমাদের বলে দিতে চাচ্ছি না। কিছু রহস্য তোলা থাক, কী বলো তোমরা?আমরা আমাদের এই উৎসবকে বিশ্বমানের প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার মতো করে সাজিয়েছি। আর তাই গুগল, অপেরা আর উইকিপিডিয়ার জাদুকরি সব উদ্ভাবনীর স্বাদ নিতে চলে এসো আমাদের উৎসব আয়োজনে। এ সপ্তাহ থেকে রেডিও ফুর্তিও জানাবে আমাদের উৎসবের প্রতি মুহূর্তের খবর, আর যারা উৎসবে সরাসরি অংশ নিতে পারছ না, তারা রেডিও ফুর্তির আয়োজনে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে জিতে নিতে পারবে উৎসবের বিভিন্ন উপহার।শুরুতেই বলছিলাম একটা মেধাবী প্রজন্মের কথা, আমরা আমাদের সব আন্তরিকতা দিয়ে সেই প্রজন্মের খোজ করছি। আমাদের এই আয়োজন সম্পর্কে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিয়ো আমাদের facebook.com/inteৎnet utshob ফ্যান পেজে। সেরা মতামতগুলো আমরা প্রকাশ করব প্রতি বুধবার প্রথম আলোর আই-জিনিয়াস পাতায়।আবারও কথা হবে আগামী সপ্তাহে, সে পর্যন্ত ভালো থেকো সবাই। —আই-জিনিয়াস মাস্টার