আইইইই প্রফেশনাল টকস আজ
ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিয়ার্স (আইইইই) বাংলাদেশ শাখা আয়োজিত ‘আইইইই প্রফেশনাল টকস’ অনুষ্ঠান আজ শনিবার। বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয়—বুয়েটের গ্র্যাজুয়েট সেমিনার হলে বাংলাদেশের প্রকৌশলীদের জন্য অনলাইনভিত্তিক ও পেশাগত জীবনের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত একটি নির্দেশিকা তৈরির লক্ষ্যে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে। এতে থাকছে প্রযুক্তিগত নেতৃত্ব, উদ্যোগ ও ব্যবস্থাপনা-বিষয়ক পরিচর্যা এবং প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রী ও পেশাজীবীদের নিয়ে প্রতিটি বিষয়ের ওপর ৩০ মিনিটের মূল বক্তব্য ও এক ঘণ্টার আলোচনা সভা।
সেমিনারের অন্যতম লক্ষ্য, বাংলাদেশের প্রকৌশলীদের পেশাগত জীবনকে সময়ের সঙ্গে আরও এগিয়ে নিতে সাহায্য করা এবং বিভিন্ন প্রযুক্তিগুণে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলা। সেমিনারে নিবন্ধন করেছেন প্রায় ২৫০ জন প্রকৌশলী। তা ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সেমিনারে বক্তব্য দেবেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় রয়েছে প্রথম আলো এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, বিডিনিউজ এবং দেশ টিভি।
বিজ্ঞপ্তি।