আইএফএ মেলায় স্যামসাংয়ের পণ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী-প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স সামগ্রীর মেলা আইএফএতে তাদের নতুন ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করবে না। জার্মানির বার্লিনে এই মেলা চলছে। জার্মানি সে দেশে স্যামসাংয়ের পণ্য বিক্রি নিষিদ্ধ করার পর প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নেয়। প্রতিদ্বন্দ্বী-প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেডের অনুরোধের পরিপ্রেক্ষিতে জার্মানির একটি আদালত তাঁদের দেশে স্যামসাংয়ের পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। অ্যাপলের অভিযোগ, স্যামসাং তাদের প্যাটেন্ট লঙ্ঘন করে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে। তারা অ্যাপলের জনপ্রিয় আইফোন ও আইপ্যাডের নকশা চুরি করে তাদের পণ্য বানিয়েছে। কাজেই এ ধরনের পণ্য বিক্রির ওপর অবশ্যই নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তবে স্যামসাংও অ্যাপলের বিরুদ্ধে পাল্টা প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই দুটি প্রতিষ্ঠান গত এপ্রিল মাসের পর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়, অ্যাপলের অভিযোগ মিথ্যা হলেও, না হলেও তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করে। আর এ কারণে তাদের নতুন ট্যাবলেট কম্পিউটার গ্যালাক্সি ট্যাব ৭.৭ তারা আইএফএ মেলায় প্রদর্শন করবে না। আইএফএ মেলা যেকোনো ইলেকট্রনিক্স ও কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মেলার মাধ্যমেই তারা তাদের পণ্যের প্রতি ইউরোপীয় ভোক্তাদের আকৃষ্ট করে থাকে। আদালতের রায়ের কারণে স্যামসাং এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হলো। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান