আইএমএফের নেটওয়ার্কে সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, তাদের কম্পিউটার নেটওয়ার্ক সূক্ষ্ম সাইবার হামলার শিকার হয়েছে। নিউইয়র্ক টাইমস পত্রিকার খবরে গতকাল রোববার বলা হয়, চলতি বছরের গোড়ার দিকে এ সাইবার হামলা হলেও আইএমএফ এতদিন পর তা প্রকাশ করল। সংস্থাটির একজন কর্মী গত বুধবার ই-মেইলে তাদের সাইবার হামলার বিষয়টি জানান। পত্রিকাটি জানায়, আইএমএফের কম্পিউটার সিস্টেমে এটি বড় ধরনের হামলা ছিল। কয়েক মাস ধরে এ হামলা চালানো হয়। আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার কিছু দিন আগে এ হামলার বিষয়টি টের পায় আইএমএফ কর্তৃপক্ষ। আইএমএফের মুখপাত্র ডেভিড হওলি বলেন, ‘আমি এটি নিশ্চিত করতে পারি যে আমরা একটি ঘটনার তদন্ত করছি। এ ব্যাপারে বলার মতো অবস্থানে আমি নেই। তাই আমি বিস্তারিত কিছু বলব না। তবে এটুকু বলতে পারি, আইএমএফের কার্যক্রম আগের মতোই চলছে। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে আমাদের কম্পিউটারে রক্ষিত কোনো তথ্য জালিয়াতির কাজে ব্যবহূত হচ্ছে।’উল্লেখ্য, আইএমএফের কম্পিউটার নেটওয়ার্কে বিশ্বের বহু দেশের স্পর্শকাতর অর্থনৈতিক তথ্য রয়েছে। সাইবার হামলার খবর পাওয়ার পর বিশ্বব্যাংক আইএমএফের সঙ্গে তাদের নেটওয়ার্ক-সংযোগ সাময়িকভাবে ছিন্ন করেছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান