পূর্ব ইউরোপের বেশির ভাগ দেশে জাতীয় গণিত প্রতিযোগিতার ইতিহাস শতবর্ষের পুরোনো। এ বছর আমাদের ১১তম গণিত উত্সব হয়েছে, আর হাঙ্গেরির হয়েছে ১২০তম! গণিতকে ভালোবেসে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে গণিতের আকর্ষণ সৃষ্টি করা তাই বনেদি ও প্রাচীন কাজ। কেবল আমরাই সেটা শুরু করতে অনেক বিলম্ব করেছি; যদিও ১৯৮৬ সালে দেশে ফিরে কায়কোবাদ স্যার (অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ) গণিত অলিম্পিয়াড শুরু করার বিভিন্ন উদ্যোগ নিলেও সফল হননি। শেষ পর্যন্ত প্রথম আলোতে ‘নিউরনে অনুরণন’ নামে আমাদের গণিত অলিম্পিয়াডের শুরু হয় ২০০১ সালে। পত্রিকার পাতা থেকে গণিত অলিম্পিয়াড খোলা মাঠে গড়ায় ২০০২ সালে। আর আমাদের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংক যুক্ত হওয়ার পর জাতীয় গণিত উত্সব শুরু হয় ২০০৪ সাল থেকে।২০০৪ সালেই প্রথম আলোর চার পাতা রঙিন গণিত আয়োজন এবং একটি প্লাস্টিক ফাইলে জামিলুর রেজা স্যারের (অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী) স্বাক্ষর করা সদস্যপদের আবেদন বগলদাবা করে হাজির হই ৪৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আসরে, গ্রিসের এথেন্স শহরে। এথেন্স শহরে নেমে প্রথম জানতে পারি, গণিত আইএমওর প্রথম ধাপ হলো দলনেতা ও পর্যবেক্ষক—তাঁরা থাকেন অজ্ঞাতবাসে। এথেন্স থেকে ঘণ্টা দুয়েকের গাড়িযাত্রা শেষে হাজির হই ডেলফি শহরে। সেখানেই দলনেতা ও আয়োজকদের নানা কাজ। ক্রীড়া অলিম্পিকের সঙ্গে মেধায় অলিম্পিয়াডগুলোর একটি বড় পার্থক্য হলো মেধা যাচাইয়ের ব্যবস্থা। এর জন্য একটি প্রশ্নপত্র প্রণয়ন করতে হয়। আয়োজক দেশ সারা পৃথিবী থেকে প্রথমে ১৫০টি প্রশ্ন বাছাই করে। নিয়মটা এমন যে এই প্রশ্নগুলো হতে হবে একেবারে নতুন। এর আগে কোনো পরীক্ষা, বই বা ইন্টারনেটে প্রকাশিত হয়নি। আয়োজক দেশ সেখান থেকে ৩০টি প্রশ্ন সব দলনেতার সামনে হাজির করে। তারপর সমস্যার সৌন্দর্য, নতুনত্ব ও কাঠিন্য বিচার করে ছয়টি প্রশ্ন নির্ধারণ করা হয় প্রতিযোগীদের জন্য। আমাদের দেশে তিন ঘণ্টায় ১০টি প্রশ্নের যে ঐতিহ্য রয়েছে, তার সঙ্গে এই প্রশ্নের বিস্তর পার্থক্য। এখানে তিনটি সমস্যা সমাধানের জন্য দেওয়া হয় সাড়ে চার ঘণ্টা! দুই দিনে ছয়টি প্রশ্নের সমাধান করতে হয়, নয় ঘণ্টায়। প্রশ্ন প্রণয়ন ও সেটি বাছাই করার প্রক্রিয়া সম্পর্কে সেটাই আমার প্রথম জানা। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন এবং সমন্বয়ের পদ্ধতি জানার জন্য আমাকে শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। আর কনভেনশন হলের দেয়ালে প্রথম আলোর বিশেষ সংখ্যা লাগিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। উদ্দেশ্য, সব জুরির দৃষ্টি আকর্ষণ করা, যাতে এক বছরেই পূর্ণ সদস্যপদ পাওয়া যায়। সে সময় আইএমওর নিয়ম ছিল দুই বছর সহযোগী সদস্য (প্রতিযোগী পাঠাতে পারে না) থাকার। তবে হলুদ টি-শার্ট পরা একঝাঁক খুদে গণিতবিদের চকচকে চোখের কাছে পরাস্ত হয় আইএমওর প্রথা। আমাদের দেওয়া হয় পূর্ণাঙ্গ সদস্যপদ। ২০০৫ সাল থেকে প্রতিযোগী প্রেরণের সুযোগ!২০০৫ সালে মেক্সিকোর আসর থেকে বাংলাদেশের অংশগ্রহণ শুরু। সেবার আমাদের সবার অর্জন ছিল মোটে ৩ পয়েন্ট। তবে পরের বছর স্লোভেনিয়াতেই আমরা দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছি। ২০০৯ সালে প্রথম ব্রোঞ্চপদকের পর ২০১২ সালে রৌপ্যপদক।তবে, বাংলাদেশের শিক্ষার্থীদের গণিত অন্বেষণের এই লড়াই কেবল আইএমওতেই সীমাবদ্ধ থাকেনি, এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডেও আমরা এখন নিয়মিত পদক পাচ্ছি। দেশে সীমিত হলেও একটি অংশের শিক্ষার্থীরা গণিতের সমস্যা সমাধানে আনন্দ পাচ্ছে, গণিত নিয়ে ভাবছে। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ, গণিত ক্যাম্পের মাতামাতি—এসবই তাদের তৈরি করছে নতুন নতুন সমস্যা সমাধানে পটু হতে; উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনার দ্বারও।এরই মধ্যে আমাদের শিক্ষার্থীরা হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ডসহ বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোয় তাদের আগমনী বার্তা জানিয়ে দিয়েছে। তাদের দেখানো পথ আন্দোলিত করছে আরও অনেককে, যারা সামনে এগিয়ে যেতে চায়। গণিত অলিম্পিয়াডের এই সাফল্যের মূল কারণ স্বেচ্ছাশ্রম এবং শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ ও গণিতানুরাগীদের একটি বড় নেটওয়ার্ক। সঙ্গে রয়েছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো এবং আমাদের ব্যাংক—ডাচ্-বাংলা ব্যাংক। এই মিছিলে নিত্য যুক্ত হচ্ছেন অনেকে।কেউ কেউ নিজ স্কুলে গড়ে তুলছেন গণিত ক্লাব, কেউ বিদেশ থেকে দেশে আসার সময় হাতে করে নিয়ে আসছেন নতুন গণিতের বই, কেউ হয়তো এলাকায় চালু করেছেন প্যারালাল গণিত স্কুল!তবে সবারই মনে আছে এই লক্ষ্য পূরণে পাড়ি দিতে হবে যোজন যোজন পথ। দেশের শিক্ষার্থীদের আগামী দিনের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে, তুলে দিতে হবে নতুন নতুন হাতিয়ার। গণিত আর বিজ্ঞানের হাত ধরে তারা তৈরি হবে বিশ্বজয়ের জন্য।আমাদের কাজ হবে তাদের সেই পথে চলতে সহায়তা করা। তাদেরই ছোট একটি প্রতিনিধিদল—সৌরভ, সফিউল্লাহ, আদীব আর জাহিদুল যাচ্ছে ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে, কলম্বিয়ায়।তাদের সঙ্গে থাকুক আমাদের শুভকামনা।লাল-সবুজের পতাকাকে সমুন্নত রেখে ফিরে আসুক তারা জয়ীর বেশে। জয় হোক গণিত উত্সবের।আইএমও ২০১৩আয়োজক দেশ: কলম্বিয়াআয়োজক শহর: সান্তা মার্তাভেন্যু: অ্যান্টনিও নারিনো বিশ্ববিদ্যালয়তারিখ: ১৮-২৮ জুলাইঅংশগ্রহণকারী দেশ: ১০৩টিমোট প্রতিযোগী: ৫৫৩ জনআয়োজন সহযোগী: গুগলআইএমওতে বাংলাদেশপর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ: ২০০৪ সালপ্রথম অংশগ্রহণ: ২০০৫ সালপ্রথম পদক অর্জন: ২০০৯ সাল (ব্রোঞ্জ)প্রথম ব্রোঞ্জ অর্জনকারী : সামিন রিয়াসাত, নাজিয়া চৌধুরী প্রথম রৌপ্য বিজয়: ২০১২ সাল প্রথম রৌপ্য বিজয়ী: ধনঞ্জয় বিশ্বাসবাংলাদেশের মোট অর্জন: রৌপ্যপদক ১, ব্রোঞ্জপদক ৬অনারেবল ম্যানশন: ১৫