আইএমওর জন্য শুভকামনা
আমি চাঁদপুর জেলার মতলবগঞ্জ পাইলট গার্লস হাইস্কুলে পড়ি। আমি এ বছরই প্রথম আর আমার স্কুলের একমাত্র প্রতিযোগী হিসেবে সেকেন্ডারি গ্রুপে গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছি। প্রথমত, অলিম্পিয়াডের প্রশ্নের ধরন বুঝতেই আমার বেশ কিছুদিন লেগে যায়। তারপর সে অনুযায়ী অনুশীলনের জন্য সময়ও তেমন একটা পাইনি। দ্বিতীয়ত, আমাদের উত্সব ছিল কুমিল্লায়। তাই চাঁদপুর (মতলব) থেকে কুমিল্লা যেতেও একটা সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু স্বপ্নের গণিত অলিম্পিয়াডের এমন উত্সবমুখর পরিবেশ দেখে সব কষ্ট-চিন্তাই এক নিমিষে দূর হয়ে যায়। কোনো শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন জগতে প্রবেশ করে। গণিতের জগত্! যেখানে গণিতের জন্য কোনো ভয় নেই। আছে শুধু ভালোবাসা। আমি নিজেকে দিয়েই দেখেছি অলিম্পিয়াডের সমস্যাগুলো সমাধান করার পর আমার পাঠ্যপুস্তকের সমস্যাগুলো অনেক সহজ মনে হয়। তাই এখন থেকে প্রতিবারই আমি চেষ্টা করব গণিত উত্সবে অংশ নিতে। এ কথা বলাই বাহুল্য, বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের যাত্রা এখন ভিন্ন মাত্রা পেয়েছে। কিন্তু আমরা দেশের সর্বস্তরে এর প্রসার চাই। গণিত রাজত্ব করুক প্রতিটি শিক্ষার্থীর মনে, আর আইএমওর বাংলাদেশ দলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সাদিয়া আফরিন মতলব, চাঁদপুর।