আইওএসেই এখন হোয়াটসঅ্যাপের ভয়েস কল

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ভয়েস কল সুবিধা আগে থেকেই আছে। কিন্তু আইওএস প্ল্যাটফর্মে সুবিধাটা এত দিন ছিল না। এবারে ‘হোয়াটসঅ্যাপ কলিং’ নামে আইওএস অ্যাপেও এই ভয়েস কল সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডার এক খবরে এ তথ্য জানিয়েছে।
ওয়াই-ফাই সংযোগ বা সেলুলার সংযোগ ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করে বিনা মূল্যে ভয়েস কল করা যাবে। হোয়াটসঅ্যাপে এই ফিচারটি যুক্ত হওয়ায় এখন অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের বাড়তি সুবিধা পাবেন এবং স্কাইপ, ভাইবারের মতো সেবাগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী জান কউম জানিয়েছেন, মোবাইলভিত্তিক বার্তা আদান-প্রদানের সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ছাড়িয়েছে। প্রতি মাসে এখন ৮০ কোটি মানুষ সক্রিয়ভাবে এই সেবাটি ব্যবহার করছেন। এ বছরের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭০ কোটি।
৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী হিসাবে ধরলে এটিই এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় যোগাযোগের প্ল্যাটফর্ম। বর্তমানে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটি ৮০ লাখ। ফটো বিনিময়ের সাইট ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর সংখ্যা ৬০ কোটি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটি।