আইক্লাউডের নিরাপত্তা জোরদার করবে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্সের মতো অনেক হলিউড তারকার ছবি ছড়িয়ে গিয়েছিল আইক্লাউডের নিরাপত্তা ত্রুটির কারণে
জেনিফার লরেন্সের মতো অনেক হলিউড তারকার ছবি ছড়িয়ে গিয়েছিল আইক্লাউডের নিরাপত্তা ত্রুটির কারণে

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের পণ্য ব্যবহারকারীদের জন্য ক্লাউড সেবা আইক্লাউডের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে৷ শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এমনটাই জানিয়েছেন। সম্প্রতি আইক্লাউডে রাখা অভিনেত্রী জেনিফার লরেন্সসহ শতাধিক তারকার ব্যক্তিগত ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর অ্যাপলের এই সেবার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। কিন্তু টিম কুক দািব করেছেন, আইক্লাউডের সাইবার নিরাপত্তায় কোনো ত্রুটি নেই। বরং হ্যাকার কোনোভাবে ব্যবহারকারীর পাসওয়ার্ড সঠিকভাবে অনুমান করতে পেরেছেন। এদিকে একজন রুশ প্রযুক্তি বিশেষজ্ঞ বলেছেন, আইক্লাউডের মৌলিক নিরাপত্তা ত্রুটি রয়েছে। তা না হলে সহজ কোনো সফটওয়্যার দিয়ে কী করে তা হ্যাক করা যায়!
আইক্লাউডের নিরাপত্তাব্যবস্থায় নতুন কী যোগ করা হচ্ছে, এমন প্রশ্নে টিম কুক জানান, আইক্লাউডে রাখা ফাইল অন্য কোনো যন্ত্রে নামানো হলে ব্যবহারকারীকে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠানো হবে। নতুন কোনো যন্ত্র থেকে আইক্লাউডে ঢোকা হলে বা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করা হলে এর ব্যবহারকারীকে সঙ্গে সঙ্গে তা জানানোর ব্যবস্থা আগে থেকেই আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যবহারকারীর গতিবিধি-সংক্রান্ত বিবরণী পাঠানো শুরু হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আগামীকাল ৯ সেপ্টেম্বর অ্যাপলের স্মার্টফোন আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬ বাজারে আসার কথা রয়েছে। স্বভাবতই এমন সময়ে আইক্লাউডের নিরাপত্তা ত্রুটি নতুন পণ্যের বিক্রিতে প্রভাব ফেলবে। তারকাদের ছবি ফাঁস হওয়ার ঘটনায় বিব্রত অ্যাপল তাই ঘটনাটির দ্রুত নিষ্পত্তি চাইছে। ইতিমধ্যেই তারা আইক্লাউডে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা যোগ করেছে। অপর দিকে কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা ব্যঙ্গ করে বলছেন, চোর ঠেকাতে জানালা খুলে রেখে দরজায় দুটি তালা লাগানোর মতো ব্যাপার এটি।
—বিবিসি অবলম্বনে মেহেদী হাসান