আইগেটের প্রধান নির্বাহী বরখাস্ত!

সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক আউটসোর্সিং প্রতিষ্ঠান আইগেট করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী পানিশ মুরতি। তাঁর অধীন নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাঁকে বরখাস্ত করেছে। অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন পানিশ। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইগেট ২৮ হাজার ভারতীয় কর্মী নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির নীতি ভঙ্গ করায় এবং ঊর্ধ্বতনদের সম্পর্কের বিষয়টি না জানানোর কারণে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পানিশ মুরতি তাঁর বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন।
পানিশ জানিয়েছেন, এর আগে তাঁর বিরুদ্ধে একই আইনজীবী ও প্রতিষ্ঠান এ ধরনের মামলা করেছিল। প্রসঙ্গত, ২০০২ সালে ভারতের ইসফোসিস নামের প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইগেটের ৩১ বছর বয়সী কর্মকর্তা আরচেলি রোয়িজ এ অভিযোগ এনেছেন। এ বিষয়টি নিয়ে পরিচালনা পর্ষদ তদন্ত করছে।
পানিশ মুরতি দাবি করেছেন, তাঁর সঙ্গে রোয়িজের ‘ব্যক্তিগত’ সম্পর্ক ছিল। আইগেটের চেয়ারম্যানের কাছে তাঁর সম্পর্কের বিষয়টি তিনি আগেই জানিয়েছিলেন। তবে আরও আগে জানানো উচিত ছিল বলেই মনে করেন তিনি।