আইটি সেনাবাহিনী চালু করছে ইউক্রেন

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়াছবি : রয়টার্স

বৃহস্পতিবার থেকে ইউক্রেনে জল, স্থল ও আকাশপথে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরের দখল নিয়েছে রুশ সৈন্যরা। যুদ্ধ চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলেরও। রাশিয়ার আক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর পাশাপাশি অস্ত্র হাতে লড়ছেন ইউক্রেনের সাধারণ জনগণ। সামরিক অভিযান ঠেকানোর পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার ডিজিটাল অনুপ্রবেশ ঠেকাতে আইটি সেনাবাহিনী চালু করছে ইউক্রেন। ইতিমধ্যে দেশটির হ্যাকারদের রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সাইবার গুপ্তচরবৃত্তি পরিচালনারও আহ্বান জানিয়েছে দেশটি।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মিখাইল ফেডোরোভ এক টুইট বার্তায় বলেছেন, ‘আমরা আইটি সেনাবাহিনী তৈরি করছি। আমরা সাইবার ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছি।’
মিখাইল ফেডোরোভের এই টুইট বার্তার সঙ্গে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের লিংকও যুক্ত করা হয়েছে। অ্যাকাউন্টটিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের পাশাপাশি সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তালিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সাইবার হামলার কবলে পড়ে অকার্যকর হয়ে যায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটসহ ক্রেমলিন শহরের অফিশিয়াল ওয়েবসাইট। এ সাইবার হামলার পেছনে ইউক্রেনের হ্যাকারদের দায়ী করা হচ্ছে।

গত সপ্তাহে রাশিয়ার হামলার আগেই সাইবার হামলার কবলে পড়ে ইউক্রেনের বিভিন্ন সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তথ্যমতে, রাশিয়ার হ্যাকাররা এই হামলা চালিয়েছে।

সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শতাধিক কম্পিউটারে তথ্য মুছে ফেলার সফটওয়্যারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ইসেট।

সূত্র : রয়টার্স