আইটিইই পরীক্ষায় বাংলাদেশের ১০ জন উত্তীর্ণ
তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক পরীক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন টেকনোলজি প্রফেশনালস এক্সামিনেশন কাউন্সিল-আইটিপিইসির সদস্য হওয়ার পর প্রথম ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স (আইটিইই)’ পরীক্ষায় অংশ নিয়ে ১০ জন বাংলাদেশি উত্তীর্ণ হয়েছেন। আইটিইইর বরাত দিয়ে বিডি-আইটেকের প্রকল্প পরিচালক মো. এনামুল কবির গতকাল সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
২৬ অক্টোবর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একই সময়ে বাংলাদেশের ১৮২ জন তথ্যপ্রযুক্তি পেশাজীবী বিনা খরচে আইটিইই পরীক্ষায় অংশ নেন।
জাইকা আইটিইইর প্রধান উপদেষ্টা হিদিয়ো হোয়া বলেন, এ সনদ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের পথ অনেকটা সহজ করে দিচ্ছে।
আইটিইই জাপানে তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের মান নিয়ন্ত্রক পরীক্ষাপদ্ধতি হিসেবে পরিচিত। বছরে পাঁচ থেকে ছয় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। এশিয়ার ১৩টি দেশে এই পদ্ধতি চালু আছে।
বাংলাদেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটেক)’ আইটিইই পরীক্ষাপদ্ধতি চালু করে।
—বিজ্ঞপ্তি