
অ্যাপলের বেস্ট অব আইটিউনস তালিকা অনুযায়ী, ২০১৩ সালে আইফোন ও আইপ্যাডের জন্য বিনা মূল্যে যে অ্যাপলিকেশনটি (অ্যাপ) সবচেয়ে বেশিবার নামানো হয়েছে, তা হচ্ছে ক্যান্ডি ক্রাশ সাগা গেম। অ্যাপলের অনলাইন দোকান আইটিউনস থেকে আইপ্যাডে অর্থের বিনিময়ে যে অ্যাপ সবচেয়ে বেশি নামানো হয়েছে সেটিও ক্যান্ডি ক্রাশ সাগা। এরপর রয়েছে ইউটিউব এবং তৃতীয় স্থানে রয়েছে টেম্পল রান টু। অন্যদিকে আইফোনে অর্থের বিনিময়ে সবচেয়ে বেশি নামানো হয়েছে মাইনক্রাফট গেম। এরপর রয়েছে হেডস আপ গেম।
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড গত সোমবার এ তালিকা প্রকাশ করেছে। এ ছাড়া আইটিউনসে সবচেয়ে বেশি নামানো বা বিক্রি হওয়া গান, অ্যালবাম, চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও বইয়ের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী, নোয়েলস বিয়ন্সের সদ্য মুক্তি পাওয়া নতুন গানের অ্যালবাম বিক্রির দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে জাস্টিন টিম্বারলেকের দ্য ২০/২০ এক্সপিরিয়েন্স অ্যালবামটি। স্কাইফল হচ্ছে বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া চলচ্চিত্র এবং ব্রেকিং ব্যাড হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া টেলিভিশন অনুষ্ঠান। ড্যান ব্রাউনের ইনফার্নো বইটি বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।
আইটিউনসের পূর্ণাঙ্গ তালিকা: ১ ক্যান্ডি ক্রাশ সাগা, ২. ইউটিউব, ৩. টেম্পল রান টু, ৪. ভাইন, ৫. গুগল ম্যাপস, ৬. স্ন্যাপচ্যাট, ৭. ইন্সটাগ্রাম, ৮. ফেসবুক, ৯. প্যান্ডোরা রেডিও, ১০. ডেসপিক্যাবল মি:মিনিয়ন রাশ। সিনেট অবলম্বনে রোকেয়া রহমান