আইটিউনসের শীর্ষ তালিকায় এক কিশোরের গেম
১৪ বছর বয়সী এক কিশোরের তৈরি করা একটি গেম অ্যাপলের অনলাইন দোকান আইটিউনসের বিনামূল্যের প্রোগ্রামগুলোর মধ্যে ডাউনলোডের দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে। রবার্ট নে নামে ওই কিশোর যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের বাসিন্দা। সে অ্যাপলের জন্য বাবল বল নামে একটি গেম তৈরি করেছে। রবার্ট লাইব্রেরি থেকে নেওয়া একটি বই থেকে গেম তৈরির কোড সম্পর্কে জেনেছে। এরপর বন্ধুর বাবার উৎসাহে সে গেমটি তৈরি করে। গেমটির বিষয়বস্তু হচ্ছে একটি বুদ্বুদকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পাঠানো । গত বুধবার বাবল বল ২০ লাখ বার সংগ্রহ করা হয়েছে। রবার্ট এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কখনোই চিন্তা করিনি, আমার গেম এত জনপ্রিয় হবে। এটি ব্যাপক জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডসকে পেছনে ফেলায় আমি খুবই বিস্মিত হয়েছি।’ রবার্ট জানায়, সে আরও গেম তৈরি করবে। তবে কী ধরনের গেম তৈরি করবে সে ব্যাপারে এখনই সে মুখ খুলতে নারাজ। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান