আইটিউনসের শীর্ষে গুগল ম্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনের অ্যাপ্লিকেশন হিসেবে ফিরে আসার একদিনের মধ্যেই আইটিউনসের বিনামূল্যের অ্যাপ্লিকেশন বিভাগের শীর্ষে চলে এসেছে গুগল ম্যাপস। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।আইফোনের জন্য নতুন বেশ কিছু ফিচার নিয়ে বৃহস্পতিবার নতুন সংস্করণের গুগল ম্যাপস উন্মুক্ত করেছে অনুসন্ধান সেবাদাতা গুগল। আইফোনে অ্যাপ্লিকেশন হিসেবে আসার পর একদিনের মধ্যেই গুগল অ্যাপটি দশ হাজার রিভিউ পেয়েছে, যার মধ্যে ৯০ শতাংশ মন্তব্যকারীই একে পাঁচ তারা রেটিং দিয়েছে।অ্যাপল কর্তৃপক্ষ অবশ্য গুগলের অ্যাপ্লিকেশন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে গুগলের এ ম্যাপে বিভিন্ন শহরের টুডি, থ্রিডি ও ফটোগ্রাফিক দৃশ্য দেখা সম্ভব। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপলের নিজস্ব ম্যাপ সেবার দুর্বলতা ও সমালোচনার মুখে আইফোনে গুগল ম্যাপ সেবা চালু হয়েছে। আইফোনের জন্য তৈরি বিশেষ ম্যাপে অ্যান্ড্রয়েডের চেয়ে বাড়তি কিছু সুবিধাও রয়েছে।এর আগে চলতি বছরের জুন মাসে আইফোন ৫ এর জন্য নিজস্ব ম্যাপ অ্যাপ্লিকেশন চালু করেছিল অ্যাপল। কিন্তু সেপ্টেম্বর মাসে এ ম্যাপ ব্যবহারকারীদের কাছে পৌঁছালে তা সমালোচনার মুখে পড়ে। এ ম্যাপে বিভিন্ন স্থানকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছিল। আইফোন ক্রেতারা অভিযোগ করেছেন, অ্যাপলের নতুন ম্যাপ অস্পষ্ট, গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়নি, সমুদ্রের মাঝখানে ট্রেন স্টেশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নামের ভুলসহ ম্যাপটি অসম্পূর্ণ। তুলনামূলকভাবে গুগল ম্যাপ অনেক বেশি স্পষ্ট ও কার্যকরী। এ ত্রুটির জন্য অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ক্ষমা চেয়েছিলেন এবং উন্নত ম্যাপ সেবা তৈরির ঘোষণা দিয়েছিলেন।প্রসঙ্গত, ২০০৭ সালে আইফোন বাজারে আনার সময় থেকে অ্যাপল ও গুগল একসঙ্গে কাজ করেছে। আইফোনে গুগল ম্যাপ ও ইউটিউব বিল্ট-ইন ছিল। কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজারে আসার পর থেকে অ্যাপল ও গুগলের সম্পর্ক খারাপ হতে শুরু করে।