আইডিবির বৃত্তিতে তথ্যপ্রযুক্তি খাতে বছরে ১২০০ দক্ষ জনবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দক্ষ জনবল আর জনশক্তির প্রয়োজন হয় তথ্যপ্রযুক্তির নানা খাতে। সেই প্রয়োজনেই ইসলামি উন্নয়ন ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) তথ্যপ্রযুক্তি খাতে প্রতিবছর প্রায় এক হাজার ২০০ দক্ষ জনবল তৈরি করছে। গত বৃহস্পতিবার ঢাকায় ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ভবনে এই বৃত্তি কর্মসূচির ১১তম ব্যাচের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ব্যাচে মোট ২৫৪ জনকে বৃত্তি দেওয়া হবে। এ সময় আইডিবি-বিআইএসইডব্লিউ কর্মসূচির মহাব্যবস্থাপক নিয়াজ খান বলেন, ‘দেশ এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করতে হবে। তার জন্য শিক্ষিত বেকারদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের এই আয়োজন।’ ২০০৩ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে আইডিবি, সৌদি আরব যৌথভাবে এই বৃত্তি দিচ্ছে।নিয়াজ খান বলেন, ‘আমাদের এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে যারা পাস করে বের হয়েছে, তাদের মধ্যে ৯৫ শতাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছে।’ তিনি আরও জানান, চার মাস অন্তর শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়। বর্তমান কার্যক্রমের অনুরূপ আরেকটি কার্যক্রম কিছুদিনের মধ্যে গিনিতে পরিচালনা করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিবি-বিআইএসইডব্লিউ কর্মসূচির ব্যবস্থাপক মুহাম্মদ নওশের আলী, তথ্যপ্রযুক্তি খাতে বৃত্তি প্রদান কর্মসূচির পরামর্শক সাঈদ মোকাম্মেল হোসেনসহ অনেকে। —তারিকুর রহমান খান