আইন না মানলে পরিণতি ভালো হবে না, টুইটারকে ভারতের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন তথ্যপ্রযুক্তি আইন মেনে চলতে টুইটারেকে আবারও চিঠি দিল ভারত সরকার
রয়টার্স

ভারতের বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইন না মেনে চললে টুইটারেকে ‘অপ্রত্যাশিত পরিণতি’র মুখে পড়তে হবে বলে হুমকি দিয়েছে দেশটির সরকার। টুইটারকে গতকাল শনিবার লেখা চিঠিতে ভারতের তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, নতুন আইন নিয়ে সরকারের পাঠানো আগের চিঠির যে জবাব টুইটার দিয়েছে, তাতে আইনটিতে পূর্ণ সম্মতি আছে কি না, তা পরিষ্কার নয়।

ভারতে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন কার্যকর হয় গত মাসে। আইনের ধারাগুলো মানতে ব্যর্থ হলে টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে ভারত। আর ধারাগুলো এমনভাবে সাজানো হয়েছে, যেন ব্যবহারকারীর পোস্টের নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে। নতুন আইনে বলা হয়েছে, টুইটার, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠানগুলোকে কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিলে নির্দেশনা পাওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে তা পালন করতে হবে।

তা ছাড়া ব্যবহারকারীর অভিযোগ জানানোর মতো একজন কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। তাঁর কাজ হবে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা সুরাহা করা। এর সঙ্গে একজন প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা এবং আইনপ্রয়োগকারী সংস্থার প্রয়োজনে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য মানুষ থাকতে হবে।

আরও পড়ুন

গতকালের চিঠিতে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, নতুন পদে এখনো কোনো নিয়োগের কথা জানায়নি টুইটার। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এর কনটেন্টের জন্য আইনগতভাবে দায়ী করতে পারে ভারত সরকার। অবশ্য চিঠিতে আরও বলা হয়েছে, ‘শুভেচ্ছাস্বরূপ টুইটার ইনকরপোরেটেডকে দ্রুত আইন মানতে শেষ আরেকটি নোটিশ পাঠানো হলো।’

গত কয়েক মাসে বেশ কয়েকটি কারণে ভারত সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে টুইটার। এপ্রিলে করোনা অতিমারি মোকাবিলায় ভারত সরকারের ভূমিকা নিয়ে করা বেশ কয়েকটি পোস্ট সরিয়ে ফেলে টুইটার। সরকারের নির্দেশনা মেনেই তা করতে বাধ্য হয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

গত মাসের শেষার্ধে কিছু সরকারি কর্মকর্তার টুইটে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ লেখা সেঁটে দেওয়ায় তদন্তের অংশ হিসেবে দিল্লি ও গুরগাঁও শহরের টুইটার কার্যালয়ে হানা দেয় পুলিশ। তবে সে সময় কার্যালয়গুলোতে কোনো কর্মী ছিলেন না।

সূত্র: রয়টার্স, দ্য ভার্জ

আরও পড়ুন