আইন নিয়ে সন্ধ্যা

১৫ মে সন্ধ্যার টিএসসি মিলনায়তন যেন হয়ে উঠেছিল আমাদের জন্য আনন্দরাজ্য। আমরা সবাই হারিয়ে গিয়েছিলাম এক আনন্দরাজ্যে। বলছিলাম, আইনসন্ধ্যা বা ল ইভিনিং ২০১৪-এর কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে যে সন্ধ্যায় বিদায় দেওয়া হয় ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের। যেখানে বরণ করা হয় ৪১তম ব্যাচের নতুনদের আর সংবর্ধনা জানানো হয় সপ্তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণদের।
সব মিলে যে রাজ্যে আনন্দ-উল্লাসের ফাঁকে আমরা পেয়েছি পথ চলার দিকনির্দেশনা। আলোর পথের কথা বলতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মীর্জা হুসেইন হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন আসিফ নজরুল, আইন বিভাগের চেয়ারপারসন শাহনাজ হুদা, বাংলাদেশ আইন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ কে এম আফজাল উল মুনীর ও বাংলাদেশ আইন অ্যাসোসিয়েশনের মহাসচিব শহিদুল ইসলাম ফারুক।
খাওয়ার বিরতিতে অনুষ্ঠান নিয়ে কথা হয় শিক্ষার্থীদের সঙ্গে। ৪১তম ব্যাচের আসমাউল হুসনা বলেন, ‘নতুনদের বরণের আনন্দ, পুরোনোর বিদায়ে বেদনা, শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলা, আর আমাদের জন্য অতিথিদের শুভকামনা—এই ছিল আমার দেখা আইনসন্ধ্যা।’ ৩৯তম ব্যাচের মারিয়া ইসলাম বলেন, ‘আইন বিভাগে ভর্তি হওয়ার পর প্রথম একটা অনুষ্ঠান উপভোগ করেছি যা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এ অনুষ্ঠান যেন প্রতিবছর আয়োজন করা হয়, আমরা তাই চাই।’
আর ৩৬তম ব্যাচের রিজভীর মত হচ্ছে, ‘আইন বিভাগের নতুন ও পুরোনো শিক্ষার্থীদের মাঝে সুসম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করবে এ ধরনের অনুষ্ঠান। প্রতিবছর এমন মিলনমেলা আমাদের সবারই প্রত্যাশিত।’ তাঁর কথায় সায় দেন একই ব্যাচের জুমন আলী ও সৌরভ তোফাজ্জল এবং ৪০তম ব্যাচের এহসান ও রেজওয়ান।
ল ইভিনিং-২০১৪ আয়োজনে মূল ভূমিকা রেখেছেন আইন বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীরা। এ ব্যাচের অন্যতম কর্মী মেহেদী হাসান জানান, ‘পড়ালেখার চাপে আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পরস্পরিক যোগাযোগ কিছুটা কম। অনেকেই হয়তো মুখ চেনা। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিজেদের দূরত্ব কাটাতে ভূমিকা রেখেছে।’
বর্ণিল সে সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে ছিল ব্যক্তিগত ও দলগত উপস্থাপনাসহ বিভিন্ন ব্যাচের নাটক। যেমন ৩৮তম ব্যাচের নাটক ছিল ভার্সিটির রঙ্গমঞ্চ, রচনা করেন তাসমিয়া সাবেরা। ৩৯তম ব্যাচ মঞ্চস্থ করে মেলোড্রামা ক্যাম্পাস লাইফ, আর রেজওয়ান মারুফের রচনা ও কাফি আল আজাদের পরিচালনায় ৪০তম ব্যাচের নাটকের নাম ছিল নেই। এ ছাড়া ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চ কাঁপান দলীয় নাচ করে। আর আতশবাজিতে আকাশ-বাতাস কাঁপিয়ে উল্লাস করেছি আমরা। রাতের খাবারের আগে ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড ‘অর্জনের’ পরিবেশনা ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নাটক, গান আর নাচে তখন সন্ধ্যা গড়িয়ে রাত। উপস্থাপক ঘোষণা করেন অনুষ্ঠান সমাপ্তির। কিন্তু অনেকে বসে থাকেন চেয়ারে, ভাবখানা এমন, যেন অনুষ্ঠান শুরু না হতেই শেষ!