আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল অ্যাপস!

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য একটি মোবাইল অ্যাপলিকেশন্স (অ্যাপস) নির্মাণ করতে চান মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এমআইইউ) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম। তাঁর অ্যাপটির শিরোনাম ‘পারসন ভেরিফিকেশন’। শিগগিরই তিনি জমা দেবেন এই অ্যাপের ধারণাপত্র। অ্যাপটির মাধ্যমে ভোটার আইডি কার্ডের ক্রমিক নম্বর প্রবেশ করিয়ে পাওয়া যাবে ওই ব্যক্তি সম্পর্কিত প্রাথমিক তথ্য।
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’র বিশ্ববিদ্যালয় কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য দেন এমআইইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন একরাম আলীশেখ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান মুহাম্মদ সাজ্জাদ হুসাইন, এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।
নিজামউদ্দিন আহমেদ ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’র তথ্যভিত্তিক আলোচনা করেন। মুনির হাসান এমআইইউর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই পৃথিবীটা তোমাদেরই জয় করতে হবে। তোমরা যদি নেতৃত্ব নাও, নিজেদের তৈরি করতে পারো, তাহলে আমরা প্রযুক্তিগত সমৃদ্ধি অর্জন করতে পারব।’ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে দিনব্যাপী তথ্যকেন্দ্রে চলে নিবন্ধন কার্যক্রম। শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিযোগিতায় ঠিকে থাকা। ব্যবহারিক প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে শিক্ষার্থীরা ধারণাপত্র তৈরি করছেন। শিক্ষকেরাও প্রস্তুত আছেন শিক্ষার্থীদেরকে সব রকমের সহযোগিতা দেওয়ার জন্য। বিস্তারিত: www.eatlapps.com
—মো. রাফাত জামিল