বুঝলেন দাদা, গরিবের কথা বাসি হলে ফলে!
আফসোস, আমি জমিদার ঘরের সন্তান। বলেছিলাম, বই পড়ো। সবাই এখন শুধু ফেসবুক পড়ে।
জার্মান পদার্থবিজ্ঞানী আইনস্টাইন তাঁর আপেক্ষিক তত্ত্বে মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন ১০০ বছর আগে, যা সম্প্রতি বিজ্ঞানীরা সরাসরি শনাক্ত করতে পেরেছেন (সূত্র: প্রথম আলো, ১২ ফেব্রুয়ারি ২০১৬)। আইনস্টাইন যদি বাংলাদেশি হতেন এবং আজ বেঁচে থাকতেন, তাহলে তাঁর ভবিষ্যদ্বাণী সঠিক হওয়ার পর কী কী করতেন তিনি? সেটাই একনজরে দেখে নেওয়া যাক।

* জ্যোতিষ ব্যবসায় নাম লেখাতেন
ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পর আইনস্টাইন প্রথমে ‘জ্যোতিষ বাবা আইনস্টাইন ঘর’ নামে একটা ভাগ্য গণনার চেম্বার খুলে বসতেন। সেখানে হাত দেখাতে আসা ক্লায়েন্টদের সঙ্গে তাঁর কথোপকথন হতো এ রকম—
ক্লায়েন্ট: আইনস্টাইন সাব, পাঁচ বছর আগে আপনে কইছিলেন আমি নাকি তিনটা বিয়া করুম। কিন্তু এহন পর্যন্ত তো একটা বিয়াও করতে পারলাম না!
আইনস্টাইন: আগের আংটি ফেলে দিয়ে নতুন আংটি নেন। আর বিশ্বাস রাখেন, আগামী ১০০ বছরের মধ্যে আপনার তিনটা বিয়ে হবেই হবে।
* টক শোর নিয়মিত অতিথি হতেন
ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার কারণে দেশি টক শোগুলোতে আইনস্টাইনের কদর বেড়ে যেত। প্রতি রাতে তিনি একেক চ্যানেলে হাজির হয়ে প্রায় একই বক্তব্য দিতেন। যেমন—
উপস্থাপক: আইনস্টাইন ভাই, দেশের এই ক্রান্তিকালে আপনার পরামর্শ কী?
আইনস্টাইন: আমার পরামর্শ শুনে ফায়দা নাই। আমি যা-ই বলি না কেন, সেটা ১০০ বছর পরে সত্যি হবে।
* বিজ্ঞাপনের মডেল হতেন
বিজ্ঞাপনের বাজারে আইনস্টাইনের চাহিদা বেড়ে যেত। কারণ, তাঁর কথা তখন অবিশ্বাস করার কোনো উপায়ই নেই। ফলে আইনস্টাইন আকাশচুম্বী পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হতেন এবং ফোকলা দাঁতের হাসি হেসে বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলতেন। যেমন—
‘ঘাড়ত্যাড়া রড’-এর বিজ্ঞাপনে তাঁকে দেখা যেত বিল্ডিংয়ের বেরিয়ে থাকা রড ধরে ডিগবাজি খাচ্ছেন আর হেসে হেসে বলছেন, ‘১০০ ভাগ ঘাড়ত্যাড়া রড, টিকে থাকে ঠিক ১০০ বছর।’
* নির্বাচনে দাঁড়াতেন
মিডিয়ার কল্যাণে তৈরি হওয়া ‘ফেস ভ্যালু’ কাজে লাগিয়ে আইনস্টাইন ‘মার্বেল’ মার্কায় নির্বাচনে দাঁড়িয়ে যেতেন। আর প্রতিশ্রুতি দেওয়ার সময় বলতেন—
‘আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি এমপি হতে পারলে দিনরাত আপনাদের সেবায় কাজ করে যাব। যার ফল আপনারা ভোগ করতে পারবেন ঠিক ১০০ বছর পর।’
* বাংলা সিনেমায় নায়ক হয়ে যেতেন
আলোচনার কেন্দ্রে থাকার কারণে আইনস্টাইনকে নিয়ে নির্মাতারা একাধিক বাংলা সিনেমা বানিয়ে ফেলতেন। সেসব সিনেমায় আইনস্টাইন হতেন প্রধান নায়ক। আর প্রতি সিনেমাতেই তাঁর কথা সত্যি হওয়ার বিষয়টি উল্লেখ থাকত। এবং কাকতালীয়ভাবে প্রতি সিনেমাতেই একটা পর্যায়ে গিয়ে আইনস্টাইন তাঁর মাকে বলতেন, ‘মা, মা, আজ তোমার স্বপ্ন সত্যি হয়েছে, মা! ১০০ বছর পর ওরা, মানে ওই গাধাগুলো বুঝতে পেরেছে যে আমার কথাই ঠিক।’
আইনস্টাইনের সংলাপ শুনে চোখের জল ফেলতে ফেলতে মা বলতেন, ‘বুঝে আর কী লাভ হবে রে বাবা আইন! আজ যদি তুই বুয়েট থেকে অন্তত ডাক্তারিটা পাস করতে পারতি, তাহলে তোর বাবা বেঁচে থেকেও কত খুশি হতো!’