
জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সই করা একটি পবিত্র বাইবেল নিলামে ৬৮ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে। সম্প্রতি নিউইয়র্ক সিটিতে এ নিলামের আয়োজন করা হয়। আইনস্টাইন বাইবেলকে অফুরন্ত জ্ঞান ও শান্তির ভান্ডার বলে উল্লেখ করেন; সেই সঙ্গে এটি অবশ্যপাঠ্য বলেও মত প্রকাশ করেন তিনি। আইনস্টাইন ও তাঁর স্ত্রী এলসা জার্মান ভাষায় ওই বাইবেলে সই করেন। বাইবেলটি তাঁরা ১৯৩২ সালে উপহার দেন তাঁদের মার্কিন বন্ধু হ্যারিয়েট হ্যামিলটনকে। নিউইয়র্কের ফাইন বুক অ্যান্ড ম্যানস্ক্রিপ্ট সংস্থার পরিচালক ক্রিস্টিনা জিগার বলেন, আইনস্টাইনের সই করা বাইবেলটি রেকর্ড দাম ওঠায় তিনি খুবই খুশি। প্রাতিষ্ঠানিক পরিচয় দিয়ে আইনস্টাইনকে চিহ্নিত করা যায় না। ১২ বছর বয়স পর্যন্ত তিনি একান্তভাবে ধর্মে বিশ্বাসী ছিলেন। কিন্তু পরে প্রথাগত ধর্মে বিশ্বাসী ছিলেন না। তাঁর জীবনধারায় মানবধর্মই বেশি প্রতিফলিত হয়। এনডিটিভি।