আইনস্টাইনের ভুল বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ‘মানুষের প্রেমে পড়ার জন্য অভিকর্ষ দায়ী নয়।’
সেদিন সন্ধ্যায় সময় কাটছিল না। তাই টেলিভিশনের সামনে গিয়ে বসলাম। টেলিভিশন খুলতেই বুঝতে পারলাম, বিজ্ঞানী আইনস্টাইন আসলে পুরোপুরি ভুল বলেছিলেন। রিমোটে চাপ দিতেই একটা চ্যানেলে চোখ আটকে গেল, বাংলা সিনেমা চলছে। সিনেমার নায়িকা সম্ভবত পেয়ারা খাওয়ার লোভ সংবরণ করতে না পেরে কিংবা পেয়ারার নাগাল না পেয়ে একেবারে গাছে চড়ে বসেছেন! কিন্তু মগডালের ডাঁসা পেয়ারার দিকে হাত বাড়াতেই হঠাৎ দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যবশত তার হাত ও পা দুটোই ফসকে গেল! পতন সুনিশ্চিত। বিস্ফারিত দৃষ্টিতে নিশ্বাস আটকে তাকিয়ে আছি। নায়িকা মাটিতে পড়ছে। সেটাই স্বাভাবিক, অভিকর্ষের কারণে ওপর থেকে তো তিনি নিচেই পড়বেন। একটু পরেই হয়তো বেচারির প্রাণবায়ু বেরিয়ে যাবে!
কিন্তু না, হঠাৎই যেন মাটি ফুঁড়ে নায়কের উদয় হলো। ভয়ানক পতন রুখে দিয়ে সহজসুলভ ভঙিতে দুহাতে লুফে নিলেন নায়িকাকে। নায়ক চেয়ে আছেন নায়িকার দিকে, নায়িকাও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন নায়কের দিকে। ব্যাকগ্রাউন্ডে বেজে উঠল ঐতিহাসিক ‘লা লা লা লা’ মিউজিক। ব্যস, প্রেম হয়ে গেল দুজনের। কোনো এক পার্কে শুরু করে দিল তারা নাচানাচি...
আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। গর্বে ২ ইঞ্চি ফুলে উঠল বুক। কে বলে আমাদের বাংলা সিনেমার কোনো মান নেই! স্বয়ং আইনস্টাইনকে পর্যন্ত ভুল প্রমাণ করার ক্ষমতা রাখে আমাদের এই বাংলা সিনেমা। অভিকর্ষও যে মানুষের প্রেমে পড়ার জন্য দায়ী হতে পারে, সেদিন বাংলা সিনেমা না দেখলে তা কোনো দিনই বুঝতে পারতাম না। বিশাল একটা ভুল ধারণা নিয়েই হয়তো কাটিয়ে দিতে হতো পুরো জীবন!

গ্রন্থনা: আবু সাঈদ