আইপড ন্যানোর নতুন সংস্করণ আসছে!
টেক জায়ান্ট অ্যাপল জনপ্রিয় মিউজিক প্লেয়ার আইপড ন্যানোর নতুন সংস্করণ তৈরি করছে। নতুন সংস্করণটি দেখতে অনেকটা ২০০৯ সালে পেটেন্ট করা আইপড টাচ মডেলের মতো। আইপড ন্যানোর নতুন সংস্করণটির একাধিক ছবি প্রকাশ করেছে জাপানি অ্যাপল-কেন্দ্রিক ব্লগ অ্যাপলপ্রো। এদিকে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ মিউজিক প্লেয়ারে টাচস্ক্রিন এবং ক্যামেরা সুবিধার কথা জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।আইপড ন্যানোর ক্ষেত্রে নতুন ডিভাইসটি হবে সপ্তম সংস্করণ। এ সংস্করণে থাকছে অনেক নতুন ফিচার। সিনেটের তথ্য অনুসারে, নতুন সংস্করণের আইপড ন্যানোর আকার হবে ২০০৯ সালে বাজারে আসা আইপড শাফলের মতোই ছোটো। অ্যাপলের পঞ্চম প্রজন্মের আইপড ন্যানোতে অবশ্য ক্যামেরা, টাচস্ক্রিন ডিসপ্লে ছিল কিন্তু ডিভাইসটি আকারে বেশ বড় ছিল। ষষ্ঠ প্রজন্মের আইপড ন্যানোর বেলায় ক্যামেরা এবং টাচস্ক্রিন বাদ দিয়ে এর আকার অনেক ছোট করে ফেলে অ্যাপল। তবে সপ্তম প্রজন্মের বেলায় আবারও পঞ্চম প্রজন্মের অনুরূপ টাচস্ক্রিন এবং ক্যামেরা ফিরিয়ে আনা হচ্ছে বলেই জানা গেছে।ছোট আকারের এ ডিভাইসে ক্যামেরার অবস্থান হবে পেছনের বেল্ট ক্লিপে। ক্যামেরার আকারও হবে ছোট। ডিভাইসটিতে ওয়াই-ফাই প্রযুক্তি যোগ হবে। এ ছাড়া অ্যাপল কর্তৃপক্ষ আইক্লাউড সার্ভিসটি আইপড ন্যানোতে যোগ করতে পারে বলেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।আইপড ন্যানোর গুজব অনেক দিন ধরেই প্রযুক্তিবিশ্বে রয়েছে। ২০১১ সালের অক্টোবর মাসে অ্যাপল এ ডিভাইসটি আনতে পারে—এমন খবর রটেছিল। কিন্তু ৪ অক্টোবরের ‘লেটস টক আইফোন’ নামের অনুষ্ঠানে অ্যাপল কেবল আইফোন ৪এস এবং পুরোনো সংস্করণের আইপডের সফটওয়্যার আপডেটের তথ্য দিয়েছিল। চলতি বছরেই অ্যাপলের নতুন সংস্করণের আইপ্যাড এবং আইফোনের সঙ্গে আইপড ন্যানো বাজারে আসতে পারে বলে প্রযুক্তিবিদেরা ধারণা করছেন।বরবারের মতোই কবে নাগাদ ডিভাইসটি বাজারে আসবে, সে বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য জানায়নি।