আইপি টেলিফোনিতে রয়েছে নানা সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট প্রটোকল অর্থাত্ আইপি টেলিফোনি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় সংশোধনী আনা এবং যেন আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান লাইসেন্স পায় সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্স ফিও কমানো হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিসের সফটওয়্যার মেলায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘আইপি টেলিফোনি ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন।রিভ সিস্টেমস আয়োজিত এ গোলটেবিল বৈঠকে আলোচনা করেন এশিয়াটেলের প্রধান নির্বাহী খালেদ এস আহমেদ, ঢাকা কম লিমিটেডের প্রধান নির্বাহী মো. আমিনুল হকসহ অনেকে। বৈঠকটি সঞ্চালনা করেন রিভ সিস্টেমের প্রধান নির্বাহী মো. রেজাউল হাসান। গোলটেবিলে ভিওআইপি উন্মুক্ত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। একই দিন সফটওয়্যার মেলায় বেসিস এবং মাইক্রোসফট ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাইক্রোসফট বিভিন্ন সহযোগিতা করবে বলে জানায়। —নাসির খান